ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- সচিবালয় ডাকঘরের কর্মকর্তা মো. শামসুল করিম তালুকদারের বিরুদ্ধে প্রায় সোয় দুই লাখ টাকা আত্মসাতের মামলায় রায় দেওয়া হবে ৬ ফেব্র"য়ারি।
বৃহস্পতিবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক শামসুন্নাহার বেগম রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের পর রায় দেওয়ার তারিখ দেন।
গত বছরের ১৭ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শেখ আব্দুস ছালাম রমনা থানায় শামসুল করিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, আসামি ২০০৩ সালের ২১ অক্টোবর থেকে ২০০৪ সালের ১২ অক্টোবর পর্যন্ত সময়কালে গাড়ির ৩৭টি ট্যাক্স টোকেনের ১ লাখ ৩৭ হাজার একশ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। একই সঙ্গে তিনি ২০টি ভুয়া ট্যাক্স টোকেন দিয়ে আরও ৯০ হাজার ৫৪৫ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন।
গত ১৪ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ১৮ নভেম্বর থেকে। মামলায় রাষ্ট্রপক্ষে আট জন সাক্ষ্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএ/১৭০৮ঘ.
bdnews24