ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিসরের আলেকজান্দ্রিয়ার কাছে সাবমেরিন কেবল্ কাটা পড়ায় বাংলাদেশে ইন্টারনেট সংযোগে ধীরগতি নেমে এসেছে।
বুধবার বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টায় মিসরের আলেকজান্দ্রিয়া থেকে ফ্রান্সের মার্সেইর দিকে ১২ কিলোমিটার দূরে ভূ মধ্যসাগরে সাবমেরিন কেবল্ কাটা পড়ে।
এ কারণে ইন্টারনেট সার্ভিসের ছয়টি এসটিএম- ১ এবং ভয়েস কলের জন্য ব্যবহৃত তিনটি এসটিএম- ১ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারনেট ব্যান্ডউইথের জন্য ব্যবহৃত আটটি এসটিএম- ১ এর মধ্যে সিঙ্গাপুরের মাধ্যমে দু'টি এসটিএম-১ শুধু চালু আছে। ফলে ইন্টারনেট সংযোগে ধীরগতির সৃষ্টি হয়েছে।
তবে ভয়েসের জন্য বিকল্প ব্যবস্থা চালু আছে।
দুর্ঘটনার পরপরই কনসোর্টিয়ামের একটি দল কেবল মেরামতের কাজ শুরু করে।
সাবমেরিক কেবল্ নেটওয়ার্ক সি মি উই ৪ এর একটি ল্যান্ডিং স্টেশন মিশর এর আলেকজান্দ্রিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/এসএনডি/এমএইচবি/২১১৬ ঘ.
bdnews24