চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও গুলি রাখার দায়ে মো. আফছার নামে এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরীফউদ্দিন বুধবার এ রায় দেন।
আদালত বন্দুক রাখার দায়ে আফছারকে ১০ বছর এবং তিন রাউন্ড গুলি রাখার দায়ে সাত বছর কারাদণ্ড দেয়। তবে রায়ে দুটি সাজা এক সঙ্গে কার্যকরের কথা উল্লেখ থাকায় আফছারকে ১০ বছরই সাজা ভোগ করতে হবে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর আসামি শফিকুর রহমানকে খালাস দিয়েছে।
২০০৬ সালের ৫ ডিসেম্বর বাঁশখালীর জালিয়াঘাট থেকে আফছারকে একটি বন্দুক ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। ওই সময় ওই এলাকা থেকে শফিকুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এনামুল হক জানান, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং তিন দিন পর আদালতে মামলার অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24