ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতাস গ্যাসের কর্মীদের অবৈধ সম্পত্তি বিক্রির টাকায় উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য সরকারের কাছে সুপারিশ করবে তিতাসে নিয়োজিত গুরুতর অপরাধ ও দুর্নীতি দমন জাতীয় সমন্বয় কমিটির বিশেষ টাস্কফোর্স।
তিতাসে নিয়োজিত টাস্কফোর্সের প্রধান লেফটেন্যান্ট কর্নেল এ টি এম হাসান আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবৈধ সম্পত্তির হিসাব নেওয়া একটি চলমান প্রক্রিয়া। তিতাসের আরও কর্মকর্তা-কর্মচারীর সাক্ষাৎকার নেওয়া হবে। আশা করা যাচ্ছে সমস্ত প্রক্রিয়া দ্রুত শেষ করা যাবে।"
টাস্কফোর্স প্রধান জানান, তিতাস কর্মীদের ফিরিয়ে দেওয়া অবৈধ সম্পদ নেওয়ার জন্য ঢাকা জেলার প্রশাসকের কাছে চিঠি পাঠানো হবে। ম্যাজিস্ট্রেটের সামনে এফিডেভিড করে কর্মীরা সম্পত্তি ফেরত দেবেন। ভবিষ্যতে কেউ যাতে আদালতে সম্পত্তির মালিকানা দাবি করতে না পারে সেজন্য 'না দাবিনামা' ও 'হলফনামা' আদায় করা হবে। সব প্রক্রিয়া শেষে ফেরত পাওয়া সম্পত্তি বিক্রির মাধ্যমে পাওয়া টাকায় উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য সরকারকে সুপারিশ করবে টাস্কফোর্স।
নাম প্রকাশে অনিচ্ছুক টাস্কফোর্সের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরই মধ্যে যারা অঙ্গীকার করেছে তাদের সম্পত্তি ফেরত নেওয়ার প্রক্রিয়া মার্চ-এপ্রিলের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। বাকি কাজ জুনের মধ্যে শেষ হতে পারে।
টাস্কফোর্স এখন পর্যন্ত ২৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর সাক্ষাৎকার নিয়েছে। তাদের মধ্যে আট কর্মকর্তা ও ১১৯ কর্মচারী সম্পত্তি ফেরত দেওয়ার অঙ্গীকার করেছেন। এই সম্পত্তির আর্থিক মূল্য প্রায় চারশ কোটি টাকা।
টাস্কফোর্স ৩০ জুনের মধ্যে ডিজিটাল ও টেম্পারপ্র"ফ মিটার স্থাপনের জন্য বলেছে। তিতাসের মাত্র ৩০ ভাগ মিটার ডিজিটাল।
সংস্থার পাঁচটি বিভাগে গ্যাস সরবরাহের হিসাব রাখার জন্য কাউন্টার মিটার থাকার কথা থাকলেও কেবল নারায়ণগঞ্জ ও সাভাবে তা রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং গাজীপুরে কোনো মিটার নেই। এসব বিভাগে কাউন্টার মিটার ৩০ জুনের মধ্যে স্থাপন করতে বলেছে টাস্কফোর্স। এছাড়া, বিকল্প সংযোগ লাইন বাদ দিতে বলা হয়েছে।
টাস্কফোর্স কর্মকর্তারা জানান, তিতাসের দামি গাড়ি কমিয়ে পিকআপভ্যানের সংখ্যা বাড়াতে বলেছেন তারা। সংস্থার দুর্নীতিবাজদের পাশাপাশি মঙ্গলবার থেকে বিলখেলাপিদের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে।
তিতাসের ৯৬ ভাগ বিলাখেলাপি এখনও বিল পরিশোধ করেননি। বছরে সংস্থার তিন থেকে চারশো কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে। টাস্কফোর্স কাজ শুরু করার পর তিনবার নোটিশ দিলেও কোনো কাজ হয়নি।
গত বছরের অক্টোবর মাসে বিশেষ টাস্কফোর্স তিতাসে কার্যক্রম শুরু করে। কারওয়ানবাজার তিতাস ভবনের দোতলায় ক্যাম্প করা হয় ২৫ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর টকম/এমআরএফ/এসএনডি/এমএইচবি/২০৫২ ঘ.
bdnews24