২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসএমজি ও ৩'শ বোতল ফেনসিডিল উদ্ধার

জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার ধোপাছড়ি থেকে সোমবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ১৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনও উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 01:08 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার ধোপাছড়ি থেকে সোমবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় একটি এসএমজি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ১৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনও উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার গভীর রাত তিনটার দিকে ধোপাছড়ি থেকে রাশিয়ায় তৈরি একটি নাইন এমএম এসএমজি ও এর ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মঙ্গলবার সকালে নগরীর ডবলমুরিং থানার বাদামতলী নামক স্থান থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতরা হল, কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুক (৩৩) ও মোহাম্মদ কালাম (৩৬)। এ সময় ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর চট্টগ্রামের পরিদর্শক ওসমান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে বাদামতলী মোড়ে ওয়াহাব স্টোরের সামনে দাঁড়ানো একটি ট্রাক তল্লাশি করে ৩'শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি জানান, ফেনসিডিলগুলো বিক্রি জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সোয়াগাজী এলাকা থেকে চট্টগ্রামে আনা হয়। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ফেনসিডিল এনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করত। গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে ওসমান কবীর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমএসবি/১৮৪০ ঘ.