২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে আত্মীয়দের দেখা করতে দেওয়া হচ্ছে না: আইনজীবী

কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে তার আত্বীয়-স্বজনরা দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সোমবার সন্ধ্যায় বিশেষ কারাগারে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে তার তিন আইনজীবী দেখা করার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 06:47 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে তার আত্বীয়-স্বজনরা দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সোমবার সন্ধ্যায় বিশেষ কারাগারে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে তার তিন আইনজীবী দেখা করার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এদিকে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের জন্য ড. পায়েম আকাভান নামে একজন কানাডিয়ান আইনজীবী ঢাকায় এসেছেন। তবে তিনি আপাতত শুনানিতে অংশ নেবেন না। শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য সোমবার তার পক্ষে কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দেওয়া হয়েছে। ব্যাবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার বিষয়ে কথা বলার জন্য সোমবার বিকেল পৌনে পাঁচটায় তিন আইনজীবী ব্যারিস্টার শফিক আহম্মেদ, অ্যাডভোকেট সাহারা খাতুন এবং অ্যাডভোকেট আব্দুল মান্নান খান সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে যান। তারা সেখানে প্রায় দেড় ঘন্টা অবস্থান করে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে বের হয়ে আসেন। ব্যারিস্টার শফিক আহম্মেদ সাংবাদিকদের বলেন, "উনি (শেখ হাসিনা) আমাদের বলেছেন, ঈদের দিনের পর থেকে এখন পর্যন্ত কোন আত্মীয়-স্বজনকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। কারাবিধি লঙ্ঘন করে এটা করা হচ্ছে। শেখ হাসিনার সঙ্গে তার আইনজীবী এবং আত্মীয়-স্বজনদের দেখা করতে দেওয়ার জন্য আদালতেরও নির্দেশ রয়েছে।" হাসিনার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, "উনি বর্তমানে হাই ব্লাড প্রেসারে ভুগছেন। অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর কথা বলেছেন তিনি ।" এ ব্যাপারে জানতে চাইলে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "সাধারণত ১৫ দিন পর পর ডিভিশনপ্রাপ্ত কোন বন্দির সঙ্গে আত্মীয়-স্বজনদের দেখা করার নিয়ম রয়েছে। শেখ হাসিনার সঙ্গে কতদিন তার আত্মীয় স্বজনরা দেখা করেননি তা ফাইল না দেখে এই মূহুর্তে বলতে পারছি না। তবে অতিসত্ত্বর শেখ হাসিনার সঙ্গে তার আত্মীয়-স্বজনদের দেখা করার ব্যবস্থা করা হবে।" হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের জন্য বিদেশি আইনজীবী নিয়োগের ব্যাপারে ব্যারিস্টার শফিক বলেন, "কানাডিয়ান আইনজীবী পায়েম আকাভান আপাতত শুনানিতে অংশ নেবেন না। তবে তিনি পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন। মামলার কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি পাবলিক ট্রায়াল হচ্ছে কিনা তা তিনি পর্যবেক্ষণ করবেন। প্রয়োজন হলে পরে তিনি শুনানিতে অংশ নিতে পারেন।" ব্যারিস্টার শফিক অভিযোগ করেন, সোমবার তাদের সঙ্গে আরও দুই আইনজীবীর শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে অনুমতি না পাওয়ায় তারা দেখা করতে পারেননি। এর আগে শেখ হাসিনার বিশেষ সহকারি ডা. হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, পায়েম আকাভান কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং যুগোস্লোভিয়া ও রুয়ান্ডার যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক আদালতের আইন বিষয়ক উপদেষ্টা ছিলেন। হাসান মাহমুদ বলেন, "পায়েম আকাভান আজম জে চৌধুরীর মামলার ব্যাপারে কথা বলার জন্য শেখ হাসিনা এবং শেখ সেলিমের সঙ্গে দেখা করতে চান। এ জন্য আজ (সোমবার) আমরা তার পক্ষে কারা কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জমা দিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০৩৩ ঘ.