ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও নীলফামারীতে তিনটি পৃথক মামলায় আটজনের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
কিশোরগঞ্জ: বাজিতপুর উপজেলার লৌহগাঁও গ্রামের বাসিন্দা জাকির হোসেন কালা মিয়া (৩৫) হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদন্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার কিশোরগঞ্জের ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মাতু মিয়া, মজলু মিয়া, আনার মিয়া ওরফে আনু, কাঞ্চন মিয়া ওরফে কাঞ্চু, কিরণ মিয়া ও ইউপি সদস্য আবু তাহের। এরা সকলেই লৌহগাঁও গ্রামের বাসিন্দা। তারা এখন হাজতে আছেন।
জাকির হোসেন ২০০১ সালের ২২ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেননি। পরদিন সকালে পার্শ্ববর্তী জনতাপুর গ্রামে নদীর তীর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথা, গলা ও কানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় জাকিরের ছোটভাই মো. দুলাল হোসেন বাজিতপুর থানায় কারো নাম উল্লেখ না করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ৬ জনকে আসামি করে পুলিশ অভিযোগপত্র দেয়।
রাষ্ট্র পক্ষে এ পি পি আয়েদুল হক চৌধুরী (মনা) এবং আসামি পক্ষে আব্দুল লতিফ মামলা পরিচালনা করেন।
গোপালগঞ্জ: জালিয়াতি ও প্রতারণার দায়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ীচালক মো. হায়দার আলীকে ৯ বছর সশ্রম কারাদন্ড, পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো নয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার গোপালগঞ্জের প্রধান বিচারিক হাকিম দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
মো. হায়দার আলী জাল কাগজপত্র জমা দিয়ে ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর টুঙ্গিপাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ীচালক পদে যোগ দেন। ১৯৯৯ সালের ৪ ফেব্র"য়ারি পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন।
বিষয়টি ফাঁস হয়ে গেলে জেলা তখনকার দুর্নীতি দমন ব্যুরো তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করে।
হায়দার আলী মাদারীপুর জেলার কালকিনী উপজেলার দক্ষিণ রাজদি গ্রামের মোজাম্মেল হোসেন কবিরাজের ছেলে।
নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় একটি হত্যা মামলায় ইব্রাহিম আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ মো. লুতফুর রহমান এ রায় দেন।
ডোমারের পুর্ব হরিণচড়া গ্রামের মাহফুজুর রহমান লিখনকে (২৬) ২০০৬ সালের ২৮ ফেব্র"য়ারি রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে ইব্রাহিম আলীকে (৩০) আসামি করে ডোমার থানায় একটি হত্যা মামলা করা হয়।
ইব্রাহিম পুর্ব হরিণচড়া গ্রামের আফছার আলীর ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/
bdnews24