মাগুরা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি প্রতিরোধে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে হাসান মশহুদ চৌধুরী বলেছেন, দুর্নীতিবাজদের আইনের আওতায় নিলেই সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ হবে না। এ জন্য পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত নৈতিক শিক্ষা জোরদার করতে হবে।
সোমবার মাগুরায় দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, "দুর্নীতি দূর করতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।"
দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে আলোচনা সভা, সমাবেশ, শোভাযাত্রা করার পরামর্শ দেন কমিশন চেয়ারম্যান।
তিনি বলেন, "দীর্ঘদিনের জেঁকে বসা দুর্নীতি একদিনেই উচ্ছেদ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। তবে দুর্নীতি করে এখন আর কেউ পার পাবে না।"
মাগুরা শহরের আসাদুজ্জামান মিলনায়তনে "দুর্নীতি প্রতিরোধে করণীয় এবং ভূমিকা" শীর্ষক ওই মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আবু তালেব মিয়া, জেলা প্রশাসক আবদুল হালিম, পুলিশ সুপার মোহাম্মদ মুসলিমসহ বিভিন্ন পেশা ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, সোমবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ অভিযান সংক্রান্ত মতবিনিময় সভায় হাসান মশহুদ চৌধুরী বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
তিনি বলেন, সামাজিক চাপ সৃষ্টি করে দুর্নীতিকে ঝুঁকিপূর্ণ করে তুলতে হবে। যাতে কেউ দুর্নীতি করতে সাহস না পায়। দুর্নীতিবাজাদের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে র্যালি মানববন্ধনসহ সারা বছর ধরে প্রতিরোধ আন্দোলন চালিয়ে যেতে হবে।
দুদক চেয়ারম্যান বলেন, "দুর্নীতি আমাদের আত্বসম্মানের উপর কলঙ্ক লেপন করেছে, এটাকে আর চলতে দেওয়া যাবে না। আমরা জাতি হিসাবে অতীতে অনেক বড় বড় কাজ করেছি। সিডরের মত ভয়াবহ দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছি।"
তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদেরকে দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে হবে। পরে নির্মূল করতে হবে। আমরা নতুন প্রজন্মের জন্য দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে চাই।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা প্রশাসক আবু সাইদ ফকির, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন নিরঞ্জন কুমার শিকদার, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৫১০ ঘ.
bdnews24