২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপে নির্বাচনোত্তর বিষয় থাকতে হবে: গোলাম কাদের

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুধু নির্বাচন বিষয়ে হবে না, নির্বাচন পরবর্তী পরিস্থিতি কী হয় সেই বিষয়টিও সংলাপের মধ্যে অন্তর্ভূক্ত থাকতে হবে। সোমবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম কাদের একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুধু নির্বাচন বিষয়ে হবে না, নির্বাচন পরবর্তী পরিস্থিতি কী হয় সেই বিষয়টিও সংলাপের মধ্যে অন্তর্ভূক্ত থাকতে হবে। সোমবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম কাদের একথা বলেন। তিনি বলেন, "নির্বাচন পরবর্তী অবস্থা যদি আবার ১/১১ এর পূর্ববর্তী অবস্থায় ফিরে যায় তাহলে তা দেশের জন্য ভালো হবে না। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপেই এই বিষয়টির একটি নিষ্পত্তি হওয়া প্রয়োজন।" রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপ সরকারের বহির্গমন পরিকল্পনা (এক্সিট প্ল্যান) এর অংশ কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এটা আমি মনে করি না। কারণ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংলাপের দাবি জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে সমস্যা সমাধান করবেন। এর অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হবে।" ৯০ দিনের মধ্যে নির্বাচন না করাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, এই বিষয়ে আদালতের রুল জারির বিয়টিকে সরকার কিভাবে দেখছে প্রশ্ন করলে উপদেষ্টা গোলাম কাদের বলেন, "এই বিষয়ে জবাব দিবে নির্বাচন কমিশন। এই বিষয়ে আমাদের কিছু করার নেই। কারণ নির্বাচন করা না করার এখতিয়ার নির্বাচন কমিশনের। আমরা আশা করি নির্বাচন কমিশন যৌক্তিক সময়ে নির্বাচন দেবে।" এর আগে সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং রাজউক সংশ্লিষ্ট দুর্নীতি বিরোধী টাস্কফোর্স কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে টাস্কফোর্স কর্মকর্তারা রাজউকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, প্লট বরাদ্দের এক ব্যক্তির নামে নিয়ম বহির্ভূতভাবে একাধিক প্লট বরাদ্দ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। সভায় টাস্কফোর্সের দেওয়া প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এক উপ-কমিটি গঠন করার কথা জানান গোলাম কাদের। রাজউকের অনিয়ম ও দুর্নীতির রোধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি জানান, টাস্কফোর্স আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/আরএ/জিএনএ/১৪৩৭ ঘ.