২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পান চাষে ভাগ্য বদলেছে অনেকের

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়ীপাড়া গ্রামে পান চাষ করে অনেকেই নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন। এমনই একজন আব্দুল কুদ্দুস। ২০ বছর আগে দিনমজুরি করে সংসারে চালাতে গিয়ে নানা টানাপড়েনের মধ্যে বিকল্প আয়ের একটা পথ বের করা তার জন্য জরুরি ছিল। অনেক ভাবনা-চিন্তা করে খোঁজ-খবর করে লেগে যান পান চাষে। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 10:29 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

সাইফুল আলম বাবু পঞ্চগড় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পঞ্চগড়, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের পাহাড়ীপাড়া গ্রামে পান চাষ করে অনেকেই নিজেদের ভাগ্য বদলে ফেলেছেন। এমনই একজন পানচাষী আব্দুল কুদ্দুস। ২০ বছর আগে দিনমজুরি করে সংসারে চালাতে গিয়ে নানা টানাপড়েনের মধ্যে বিকল্প আয়ের একটা পথ বের করা তার জন্য জরুরি ছিল। অনেক ভাবনা-চিন্তা করে খোঁজ-খবর করে লেগে যান পান চাষে। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু। বাড়ির লাগোয়া ৮ শতক জমিতে পান চাষ শুরু করে আব্দুল কুদ্দুস এখন ১৪ বিঘা জমির মালিক। টিনশেড বাড়ি করেছেন। আছে প্রায় লাখ টাকার সঞ্চয়। বর্তমানে ওই ইউনিয়নের গইছপাড়া, পাহাড়বাড়ি, শালুকপাড়া, মাটিয়ারপাড়া, পাপিয়াপাড়া, জামুড়ীবাড়ী, নালাগঞ্জ, ঘাগড়াপাড়া, জিন্নাতপাড়া, চাকলাহাট ইউনিয়নের সিংরোড, চাকলাহাট, হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি, অমরখানা ইউনিয়নের মডেলহাট ও মহারাজা এলাকায় কমপক্ষে ১০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিমিত সার, খৈল, কীটনাশক আর ঠিকমত পরিচর্যা করলে অন্যান্য যে কোন ফসলের চেয়ে পান চাষে দ্বিগুণ লাভ হয়। সঠিকভাবে পরিচর্যা করলে একটি পান বরজ ৩০ বছর পযর্ন্ত রাখা যায়। অসমতল আর বালুময় মাটিই পান চাষের উপযোগী। তিনি আরও জানান, এক বিঘা জমিতে পান চাষ করতে এক লাখ টাকা খরচ হয়। ফলন ভাল হলে বছরে দুই লাখ টাকার পান বিক্রি করা যায়। ওই গ্রামের আরেক সফল পানচাষী হাবিবুর রহমান তিন বিঘা জমিতে পানবরজ করেন। তিন বছর থেকে পান উৎপাদন হচ্ছে। গত বছর ৩৫ হাজার টাকার পান বিক্রি করেছেন। আগের বছর করেছেন ২৫ হাজার টাকা। পানচাষী মজিবর রহমান ও মোস্তাফিজুর রহমান জানান, পঞ্চগড়, টুনিরহাট, হাড়িভাসা বাজারে এসব পান বিক্রি হয়। এছাড়া পাইকাররা গ্রাম থেকে পান কিনে নিয়ে যায়। দক্ষিণাঞ্চলের পানের চেয়ে এ পানের স্বাদ ও চাহিদা অনেক বেশি। খৈল ছাড়া পান ক্ষেতে কোনো প্রকার সার প্রয়োগ করতে হয় না। হাবিবুর রহমান জানান, প্রতি দুই বছর পর পান বরজে ১৩-১৪ হাজার টাকার বাঁশ ও খড় লাগাতে হয়। প্রতি বছর মেরামতের জন্য খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। বছরে চার-পাঁচবার খৈল প্রয়োগ করতে হয়। প্রতিবার খরচ পড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। কৃষক আব্দুল করিম জানান, একটি পানবরজ থাকলে সংসারে কোনো চিন্তা নেই। সঞ্চয়ী আমানতের মতো আয় হতেই থাকবে। পানচাষীরা জানান, বর্তমানে হাড়িভাসা ইউনিয়নে অন্তত ১০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। পান চাষ করছেন প্রায় ৩০০ কৃষক। একটি পানবরজের স্থায়িত্বকাল ১৫-২০ বছর। পান চাষের সমস্যা সম্পর্কে কৃষক নুরুজ্জামান জানান, পান চাষ ও পানবরজ করতে পুঁজি লাগে। এই খরচ জোগানো অনেক দরিদ্র কৃষকের পক্ষে সম্ভব হয় না। যদি পান গাছ একবার টিকে যায় তাহলে খনির মতো অর্থ দিতে থাকে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে জেলার পানচাষীরা আর্থিকভাবে আরও লাভবান হতে পারেন। হাড়িভাসা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে জানা যায় ১৯৭৩ সালে আব্দুল খালেক নামে এক কৃষক এই এলাকায় প্রথম পান চাষ শুরু করেন। আশির দশক থেকে এখানে পান চাষ বিস্তার লাভ করে। বর্তমানে পানই এলাকার অন্যতম প্রধান অর্থকরী ফসল। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনসুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানচাষীদের জন্য আপাতত আমাদের কোন কর্মসূচি নেই। এ ব্যাপারে কি করা যায় আমরা চিন্তা-ভাবনা করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএসবি/১৬২০ ঘ.