রাজবাড়ী, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌলতদিয়া ১ নম্বর ফেরীঘাটের কাছে শনিবার রাতে একটি যাত্রীবাহী নৈশকোচ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও একটি ম্যাগজিনসহ ৪৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। তাদের গোয়ালন্দ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি পিস্তল, একটি রিভলবার এবং তিনটি বিদেশি সাটারগান।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দৌলতদিয়া-নৌ ফাঁড়ি পুলিশ নিয়মিত তল্লাশি অভিযানে সোহাগ নামে (ঢাকা মেট্রো-ব-১১-১৪৪৯) ওই বাসের ক্যাবিনের উপর রাখা একটি হাত ব্যাগ থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে। বাসটি খুলনা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৩২ ঘ.
bdnews24