২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'বন্দুকযুদ্ধে' 'চরমপন্থী' নিহত

পাবনার র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 07:38 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

পাবনা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক 'চরমপন্থী' নিহত হয়েছে। সদর উপজেলার আতাইকুলা থানার গয়েশবাড়ি গ্রামে রোববার ভোরে 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে জানিয়ে র‌্যাব-১২ এর পাবনা ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন রাশেদুর রহমান বলেন, ওই স্থান থেকে বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, নিহত মোহাম্মদ আলী নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা। র‌্যাব কর্মকর্তা রাশেদুর রহমান জানান, গয়েশবাড়ি গ্রামে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। ভোর ৫টার দিকে র‌্যাব সেখানে পৌঁছলে চরমপন্থীরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টা খানেক ধরে দুই পক্ষের গোলাগুলির পর চরমপন্থীরা পিছু হটে বলে রাশেদুর রহমান জানান। তিনি বলেন, এরপর ঘটনাস্থলে মোহাম্মদ আলীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। র‌্যাব জানায়, ওই স্থান থেকে চারটি বোমা, একটি বিদেশি রিভালবার, একটি বিদেশি শটগান, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত আলীর বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় ১০টি হত্যামামলা রয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানান। মোহাম্মদ আলীর বাড়ি গয়েশপুর গ্রামেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৩৩ ঘ.