ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলাকে বার্ড ফ্লু আক্রান্ত জেলা হিসেবে ঘোষণা দিয়েছে জেলার সিভিল সার্জন। পটুয়াখালীর পৌর এলাকায় হাঁস-মুরগি, ডিম বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বার্ড ফ্লুর বিস্তার যাতে না ঘটে সেজন্য ফেনী ও বগুড়া সীমান্তে সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন।
হিলি স্থল বন্দরসহ উত্তরের অন্যান্য বন্দর দিয়ে পাখি জাতীয় সব প্রাণী আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় পশু সম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. সাব্বির আহম্মেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি জানিয়েছেন, ভোলাকে বার্ড ফ্লু আক্রান্ত জেলা হিসেবে ঘোষণা দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. আবদুর রশিদ।
শনিবার সকালে জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে 'যক্ষা নিয়ন্ত্রণ ও সামাজিক অংশগ্রহণ বিষয়ক একটি গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে সিভিল সার্জন এ ঘোষণা দেন।
সিভিল সার্জন ডা. রশিদ বলেন, "ভোলায় খামারের মৃত দুটি মুরগি পরীক্ষার জন্য ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষায় ওই মুরগিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরা পড়েছে। তার মানে ভোলাকে বার্ড ফ্লু আক্রান্ত জেলা হিসেবে ঘোষণা করা হল।"
তিনি বলেন, "ভোলা বার্ড ফ্লু আক্রান্ত ২৮তম জেলা।"
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন জানান, বার্ড ফ্লু আক্রান্ত হওয়ায় আজই (শনিবার) সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি বৈঠক করা হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের বৈঠকটি বিকেল পাঁচটার দিকে শেষ হয়। এরপরই শহরের পাখিরপুল নামক জায়গার রিপনের খামার ও তার আশেপাশের এক কিলোমিটার এলাকায় হাঁস-মুরগি নিধন অভিযান চালায় প্রশাসন। তবে কি পরিমাণ হাঁস-মুরগি নিধন হয়েছে তা জানা যায়নি।
গত তিনদিনে পাখিরপুল এলাকার রিপনের খামারের ৩০০ মুরগি মারা যায়। ওখান থেকে দুটি মৃত মুরগি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
পটুয়াখালী প্রতিনিধি জানান, বার্ড ফ্লু সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালী পৌর এলাকায় ১ ফেব্র"য়ারি পর্যন্ত হাঁস-মুরগি ও কবুতর পালন, বিপণন ও এগুলোর ডিম বিক্রি নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। তবে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আখড়াবাড়ি ও পুরানবাজার এলাকায় আগামী ৩ মাস হাঁস-মুরগি ও ডিম বিক্রি করা যাবে না।
জেলা প্রশাসকের বরাত দিয়ে শুক্রবার রাত সাড়ে ১০ টায় জেলা তথ্য অফিস শহরে মাইকিং করেছে। প্রশাসনের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মাইকিং করে বলা হয়।
আখড়াবাড়ি ও পুরানবাজার এলাকায় বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় এলাকা দুটিকে বার্ড ফ্লু আক্রান্ত ঘোষণা করেছে প্রশাসন।
পটুয়াখালী পৌর এলাকায় বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে এক বর্গ কিলোমিটার এলাকায় হাঁস-মুরগি ও পাখি নিধন করা হয়।
ফেনী প্রতিনিধি জানান, বার্ড ফ্লু প্রতিরোধে ফেনী সীমান্তে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নুরুল আলম জানান, পরশুরাম সীমান্তের বিলোনিয়া দিয়ে ভারত থেকে হাঁস বা মুরগির বাচ্চা আসে না। তবু ১২৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিডিআরকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান জানান, গত এক সপ্তাহে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিডিআর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ ব্যাপারে তাদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
তিনি জানান, বার্ড ফ্লু রোধে তার উপজেলাসহ অন্য উপজেলা প্রশাসনও সতর্ক রয়েছে।
বগুড়া প্রতিনিধি জানান, বার্ড ফ্লু জীবাণু ভারত থেকে যেন না আসতে পারে এ জন্য হিলি স্থল বন্দরসহ উত্তরের অন্যান্য বন্দর দিয়ে পাখি জাতীয় সব প্রাণী আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় পশু সম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. সাব্বির আহম্মেদ।
হিলি স্থল বন্দরের সহকারী পরিচালক কাজী মাহমুদুল হক বলেন, বার্ড ফ্লু'র জীবাণু ভারত থেকে যাতে না আসতে পারে সেজন্য কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মুরগি, ডিম বা পোল্ট্রিসামগ্রী যেন প্রবেশ না করে এজন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে।
পশু সম্পদ কর্মকর্তা ডা. সাব্বির আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজশাহী বিভাগের ১৬ জেলার মধ্যে বিভিন্ন সময়ে ১৩টি জেলায় বার্ড ফ্লুর সংক্রমণ হয়েছিল। শুধু পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে এই ভাইরাস এখনও আক্রমণ করেনি। পাশের রাষ্ট্র ভারতসহ বিভিন্ন জেলায় নতুন করে এই ভাইরাস সংক্রমিত হওয়ায় প্রতিটি জেলায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, প্রতি সপ্তাহে জেলা পশু সম্পদ অধিদপ্তরের তিনজন কর্মকর্তা ও সিভিল সার্জন অফিসের তিনজন করে প্রতিনিধি সভার মাধ্যমে এই বিষয়টি পর্যালোচনা করবে। এই রোগ প্রতিরোধে পশু সম্পদ অধিদপ্তর ছাড়াও স্থানীয়ভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় নাটোর, দিনাজপুরের ফার্মের মালিকরা এ ব্যাপারে মাইকিং করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24