২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিডিআরের ট্রাক খাদে পড়ে হাবিলদার নিহত

মীরসরাইয়ের চিনকি আস্তানার কাছে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ রাইফেলসের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে গেলে একজন হাবিলদার নিহত এবং চার জওয়ান গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 12:40 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মীরসরাইয়ের চিনকি আস্তানার কাছে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ রাইফেলসের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে খাদে পড়ে গেলে একজন হাবিলদার নিহত এবং চার জওয়ান গুরুতর আহত হয়েছেন। নিহত হাবিলদারের নাম মো. সেলিম (৪৫)। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মো. কামরুজ্জামান (২৮), জিয়াউল কবির (২৫), আমান উল্ল্যাহ (২৭) ও জামাল উদ্দিন (২৭)। হাইওয়ে পুলিশের পরিদর্শক আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে এগারটার দিকে মীরসরাইয়ের চিনকি আস্তানার কাছে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা ১০ জন বিডিআর সদস্যদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হন। তিনি জানান, বিডিআরের ক্যারিয়ার ট্রাকটি চট্টগ্রামের সাতকানিয়া থেকে ঢাকা যাচ্ছিল। খাদ থেকে ট্রাকটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মুজিবর রহমান জানান, আহতদের হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সেলিম মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৮৩৪ ঘ.