২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের সুপারিশ বাস্তবায়ন না করলে জনসমক্ষে প্রকাশ: আকবর আলি

সরকারি বিধি-বিধান সংস্কারে গঠিত রেগুলেটরি রিফর্মস কমিশনের (আর আর সি) সুপারিশ সরকার বাস্তবায়ন না করলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান। কাজের ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে প্রত্যাশিত সাড়াও মিলছে না বলে অনুযোগ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বিধি-বিধান সংস্কারে গঠিত রেগুলেটরি রিফর্মস কমিশনের (আর আর সি) সুপারিশ সরকার বাস্তবায়ন না করলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান। কাজের ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে প্রত্যাশিত সাড়াও মিলছে না বলে অনুযোগ করেছেন তিনি। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে বক্তব্যে আকবর আলি বলেন, "পুরনো বিধি-বিধান সংস্কারে কমিশন বেশ কিছুদিন ধরে কাজ করছে। ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে প্রস্তাব আহ্বান করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে না। সুনির্দিষ্ট প্রস্তাব খুবই কম পাওয়া গেছে।" তিনি বলেন, "আমি আমার সাধ্যমতো কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করবো। তবে তা প্রয়োগ করার বিষয়টিই গুরুত্বপূর্ণ। সরকার সেগুলো বাস্তবায়ন না করলে আমি তা জনসমক্ষে প্রকাশ করবো।" দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করে রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি বলেন, "প্রধান উপদেষ্টার অনুরোধে বিনা বেতনে আমি এ দায়িত্ব নিয়েছি। পুরনো জরাজীর্ণ বিধি-বিধান সংস্কারের বিষয়টি অনেকদিন ধরেই আমার মাথায় কাজ করছিল। সেগুলো পরিবর্তন করা গেলে দেশের মঙ্গল হবে, এটাই ছিল আমার ভাবনা।" বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০০৭ সালের ৩০ অক্টোবর ১৭ সদস্যের রেগুলেটরি রিফর্মস কমিশনের ঘোষণা আসে। গঠনের এক মাসের মধ্যে কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রথম দফা সুপারিশ পেশ করে। এতে দুটি বিষয় তুলে ধরা হয়। একটি হচ্ছে, প্রয়োজনীয় বিধি-বিধান জনগণের কাছে সহজলভ্য করতে ওয়েবসাইটে দিতে হবে এবং দ্বিতীয়ত, নতুন বিধি-বিধান চূড়ান্ত করার আগে জনমত যাচাইয়ের জন্য তা ওয়েবসাইটে দিতে হবে। কমিশন ধাপে ধাপে সুপারিশমালা সরকারের কাছে উপস্থাপন করছে। "দীর্ঘদিন সরকারি চাকরির অভিজ্ঞতায় আমি দেখেছি, সরকার যখন মানুষের উপকার করতে গেছে তখনই অপকার হয়েছে। এ কারণে সরকারের চুপচাপ বসে থাকাই ভালো", - প্রসঙ্গক্রমে এ মন্তব্যও করেন তত্ত্বাবধায়ক সরকারেরর সাবেক এ উপদেষ্টা। উদাহরণ টেনে তিনি বলেন, "১৯৬৯ সালে হবিগঞ্জে দায়িত্ব পালনের সময় একদিন এক তহশিল অফিস পরিদর্শনে যাই। তখন এলাকার কয়েকজন লোক আমার কাছে এসে অনুরোধ করলেন, একটি স্কুল পরিদর্শনে যেতে। যদিও কোনও স্কুল পরিদর্শন আমার দায়িত্বের মধ্যে ছিল না। তারপরও তাদের অনুরোধে আমি ওই স্কুলে গিয়ে দেখি, কয়েকদিন আগে নির্মাণ করা স্কুল ভবনের ছাদ ধসে পড়েছে। আগে স্কুলের ছাত্র-ছাত্রীরা টিনের ভাঙ্গা ঘরে ক্লাস করলেও ওই সময় তাও করতে পারছিল না।" বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)-এর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে উল্লেখ করে আকবর আলি বলেন, "কর্মসংস্থান সমস্যা আমাদের সবচেয়ে বড় সমস্যা। সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে কর্মসংস্থান। মানুষের চাকরির সুযোগ করে দিতে পারলে একদিকে যেমন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, অন্যদিকে দারিদ্র্য বিমোচন হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।" অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিসের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি এম সোয়েব চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এমএ/১৬২৫ঘ.