ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুরে আগ্নিদগ্ধ হয়ে মৌসুমি (১৮) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে মোমবাতির শিখা থেকে মৌসুমির কাপড়ে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৌসুমী পটুয়াখালীর গলাচিপা উপজেলার তালুকদারবাড়ি গ্রামের মৃত জসীমউদ্দিনের মেয়ে। তিনি মিরপুর-১ নম্বর সেকশনের ৯ নাম্বার সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন।
মৌসুমির প্রতিবেশী তোফাজ্জেল জানান, রাতে মোমবাতি জ্বালিয়ে বিছানায় শুয়ে থাকার সময় তার পোশাকে আগুন ধরে যায়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। রাত তিনটার দিকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, মৌসুমি মারা গেছেন।
ময়নাতদন্ত শেষে মৌসুমির লাশ তার দেশের বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২২৪৯ ঘ.
bdnews24