নাটোর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর জেলা জাসদের যুগ্ম সম্পাদক ও চামড়া ব্যবসায়ী মোজাম্মেল হক খোকনকে (৩৮) হত্যা করেছে দুর্বত্তরা।
পুলিশ নলডাঙ্গা থানার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা জাসদের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বৃহষ্পতিবার দুপুরে নলডাঙ্গা বাজারের উদ্দেশে রওনা হন। এরপর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহুয়া পারভিন নিজ কার্যালয়ে গিয়ে তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, মৃতের শরীরে জখমের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই মিজানুর রহমান নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।
এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24