চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, "ওয়ান ইলেভেনের আগের পরিস্থিতিতে ফিরে না যাওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার আসতে হবে।
শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, "জরুরি অবস্থা কখন প্রত্যাহার করা হবে তা সামষ্টিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।"
এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের তিনদিনব্যাপী সুবর্ণ জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বর্তমান সরকার কালো টাকা, পেশি শক্তি ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে স্বল্পমেয়াদি এ সরকার কাজ করছে।"
উপদেষ্টা হাসান আরিফ বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ সীমিত। কিন্তু চিকিৎসার মান বাড়ানো এবং এর সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। সরকার এ প্রক্রিয়ার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারে মাত্র।
চিকিৎসাসেবাকে একটি মহৎ পেশা উল্লেখ করে তিনি বলেন, "বেসরকারি ক্লিনিকগুলোতে ভাল চিকিৎসক এবং উন্নত চিকিৎসাসেবা পাওয়া গেলে সরকারি হাসপাতালগুলোতে তা কেন পাওয়া যাবে না সেটা আমাদের ভাবতে হবে।"
চিকিৎসাসেবা সাধারণের নাগালের মধ্যে আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে প্রান্তিক জনপদে সেবা পৌঁছে দিতে হবে। চিকিৎসকদের সেখানে গিয়ে কাজ করার মানসিকতা তৈরির আহবান জানান তিনি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এম এ ওয়াহাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত না থাকায় তার বক্তব্যের ভিডিও প্রদর্শন করা হয়।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম. মনজুর আলম, অতিরিক্ত স্বাস্থ্য সচিব আবুল কালাম আজাদ, বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবেদুর রহমান, ডা. এল এ কাদেরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজকে একটি স্বতন্ত্র মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
১৯৫৭ সালে স্থাপিত হওয়া এ মেডিকেল কলেজ বিভিন্ন চড়াইউতরাই পেরিয়ে পঞ্চাশ বছর অতিক্রম করেছে। এ সময়ে প্রায় ষোল হাজার চিকিৎসক তৈরি হয়েছে এ প্রতিষ্ঠান থেকে। ঐতিহ্যবাহী এই চিকিৎসা মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আসা দেশ-বিদেশের প্রথিতযশা চিকিৎসকরা তাদের পুরনো সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
উপদেষ্টা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যেমে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সুবর্ণ জয়ন্তী স্মারকের ফলক উন্মোচন করেন।
তিন দিনব্যাপী সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএইচবি/১৭৫০ ঘ.
bdnews24