২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ তীরে লাখো মুসল্লির সমাবেশ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও লাখো মুসলমানের পদভারে এখন মুখরিত তুরাগ তীর। নানা দেশের, নানা বর্ণের, নানা গোত্রের মুসলমানরা সমবেত রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গিতে। বয়ানের মধ্য দিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ সম্মিলন শেষ হবে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 06:30 AM

Updated : 26 Aug 2022, 01:16 PM

গাজীপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও লাখো মুসলমানের পদভারে এখন মুখরিত তুরাগ তীর। নানা দেশের, নানা বর্ণের, নানা গোত্রের মুসলমানরা সমবেত রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গিতে। বয়ানের মধ্য দিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ সম্মিলন শেষ হবে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। শুক্রবার জুম্মার নামাজের পর ভারতের দিল্লির মাওলানা মোস্তাকিনের বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমা। তবে ফজরের নামাজের পর থেকেই বয়ান শুরু হয়। বাদ আসর বয়ান করেন দিল্লির মাওলানা জোবায়েরুল হাসান ও মাওলানা সা'দ। এ আগে সকালে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ইহসান সাবের। আরবি ও উর্দু ভাষায় দেওয়া বয়ান তাৎক্ষণিকভাবে বাংলাসহ ১৬টি ভাষায় অনুবাদ করে মুসল্লিদের শোনানো হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে তাবলীগ জামাতের সদস্যরা বৃহস্পতিবার রাত থেকেই ইজতেমা মাঠে সমবেত হতে শুরু করেন। চটের ছাউনির নিচে নিবিষ্ট মনে ধর্মীয় বয়ান শুনেছেন তারা। সবাই একসঙ্গে ইজতেমা মাঠে জুম্মার নামাজ পড়েন। এতে ইমামতি করেন তাবলীগ জামাতের শূরা সদস্য কাকরাইল মসজিদের খতিব মাওলানা জোবায়ের। স্থানীয় সরকার মন্ত্রণালয়েরর উপদেষ্টা আনোয়ারুল ইকবালও জুম্মার নামাজে অংশ নেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কনকনে শীতের মধ্যেও ঢাকা, টঙ্গী ও আশপাশের বিভিন্ন এলাকা লোকজন ইজতেমা মাঠে জুম্মার নামাজে অংশ নেয়। দুপুর ১২টার পর থেকে ইজতেমামুখী মুসল্লিদের কাফেলা ছুটে। বৃষ্টির কারণে মাঠের নিচু অংশে কাদা থাকায় মুসল্লিরা অপেক্ষাকৃত উঁচু স্থানে এবং মাঠের আশপাশের সড়ক, বিভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ ও ভবনের ছাদে অবস্থান নেন। জুম্মার পর মুসল্লিদের স্রোতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। তাবলীগ জামাতের 'মুরুব্বিরা' (শীর্ষস্থানীয় নেতা) সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার বেলা ৩টা পর্যন্ত আন্তর্জাতিক ছাউনিতে ৫ হাজার ৬০৬ জন বিদেশি মুসল্লি এসে অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৯৪৯ জন আরবিভাষী, উর্দু ও হিন্দিভাষী ২ হাজার ২০০, ইংরেজিভাষী ১ হাজার ৪৩০ জন ও ম্যান্ডারিনভাষী (চীনা) ৫৭ জন। এবার বিশ্বের ৫৬টি দেশ থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিচ্ছেন বলে মুরুব্বিরা জানান। আন্তর্জাতিক ছাউনিতে পুলিশ, দাঙ্গা পুলিশ, র‌্যাব ও তাবলিগের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুরো ইজতেমা মাঠে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। ৪৮টি ক্লোজ সার্কিট ক্যামেরাসহ র‌্যাব, আর্মড পুলিশ ও সাদা পোশাকের পুলিশ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর ২০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে সেখানে। ইজতেমা উপলক্ষে সরকারি উদ্যোগে মুসল্লিদের জন্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, হামদর্দ ওয়াকফ(বাংলাদেশ) লিমিটেড, আঞ্জুমান মফিদুল ইসলাম, অপসোনিন ফার্মাসহ ৪০টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র ও ঔষধ সরবরাহের ব্যবস্থা করেছে। এদিকে কনকনে শীতে বৃদ্ধদের দুর্ভোগে পড়তে হয়েছে। অনেককে আশপাশের স্কুল, কলেজ ও টঙ্গী রেলওয়ে জংশনে আশ্রয় নিতে দেখা গেছে। বৃহস্পতিবার রাতে হাজারো মুসল্লি রেল স্টেশনের প্লাটফর্মে আশ্রয় নেন। তবে বৃষ্টিতে দুর্ভোগ হলেও তা মেনে নিতে প্রস্তুত তারা। নোয়াখালী থেকে আসা বৃদ্ধ আলী ইমাম মোহাম্মদ জানালেন, "আল্লাহর কাজে এসেছি, আল্লাহই রক্ষা করবেন।" বৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা হয়েছে রান্না ও পানি ব্যবহার ক্ষেত্রে। যারা শুকনো জায়গায় খড়িতে রান্না করবেন বলে ঠিক করে রেখেছিলেন তারা পড়েছেন বিপাকে। কয়েকস্থানে পানি জমে গেছে। রাস্তাঘাট হয়ে উঠেছে পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ। ঠাণ্ডাজনিত জটিলতা ও বার্ধক্যের কারণে শুক্রবার সকালে ইজতেমা মাঠে আগত আরও এক মুসল্লির মুত্যৃ হয়েছে। তার নাম হাজি মো. গিয়াসউদ্দিন মাস্টার (৮০)। বাড়ি পাবনার আতাইকুলা থানায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানিয়েছেন, শুক্রবার বিকেল পর্যন্ত ইজতেমা মাঠ এলাকায় ৬৪ জন পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী: ইজতেমা উপলক্ষে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে মোবারকবাদ জানিয়েছেন। তিনি ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন গড়তে এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহবান জানান। প্রধান উপদেষ্টা বাণীতে আশা প্রকাশ করেছেন, দেশের জনগণ এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বিশ্ব ইজতেমা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, বিএনপির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমান, অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ, অপর অংশের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও পৃথক বাণীতে মুসল্লিদের মোবারকবাদ জানিয়েছেন। ইতিহাস: টঙ্গির তুরাগ নদীর তীরে ১৯০ একর এলাকা জুড়ে নির্মিত বিশাল প্যান্ডেল শুক্রবার সকালেই মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ১৯৬৭ সাল থেকে প্রতিবছর টঙ্গিতে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা হয়ে আসছে। তাবলীগ জামাতের আয়োজনে এবারের ইজতেমাটি ৪২তম সম্মেলন। ইতিহাস থেকে জানা যায়, তাবলীগ জামাতের মূল সংগঠক ছিলেন মুহাম্মদ আক্তার ইলিয়াস (রহ.)। উপমহাদেশে ইসলাম প্রচারে তিনি ১৯৫৩ সালে বোম্বেতে প্রথম তাবলীগ জামাত নিয়ে আসেন। এরপর '৪৬ সালে ঢাকার কাকরাইলে, '৪৮ সালে চট্টগ্রামে, '৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে, '৬৫ সালের টঙ্গির পাগাড়, পরের বছর ভবেরপাড়া এবং '৬৭ সাল থেকে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমএআর/এমআই/১৭০৪ ঘ.