চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে বৃহস্পতিবার সকালে নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর দুই নম্বর গেট এলাকায় ওঁৎ পেতে থাকা সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাদের তল্লাশি করে একটি খেলনা পিস্তল ও দুটি ধারালো চাপাতি উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আল আমিন (২০), মো. রাজু (২১), ভুট্টো হোসেন ইমন (১৯) ও মো. মামুন (২০)। এরা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে।
সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) আশিকুল হক ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দাদের কাছে সংবাদ ছিল একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন থেকে দুই নম্বর গেইট মোড়ে জড়ো হয়। তারপর সেখান থেকে তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করতে বের হয়। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে দুই নম্বর গেট মোড়ে ওঁৎ পেতে থাকে গোয়েন্দা পুলিশ। সকাল সাড়ে ১১টার দিকে চার ছিনতাইকারী সেখানে জড়ো হলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এরা নগরীতে বিভিন্ন ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24