দিনাজপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণ রোধে দিনাজপুরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় বিডিআরকে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। জেলার বাইরে এমনকি এক উপজেলা থেকে অন্য উপজেলায়ও হাঁস-মুরগি স্থানান্তর বন্ধ রাখতে বলা হয়েছে।
দিনাজপুর শহরের তিনটি মুরগির খামারে বার্ড ফ্লুর জন্য দায়ী ভাইরাস এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পরপরই মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় হতে এ নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক এম সাইফুল হাসান জানান, দিনাজপুর বার্ড ফ্লু ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ ভারতের পশ্চিমবঙ্গে বার্ড ফ্লু ভয়াবহতা অনেক বেশি। তাই সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখতে বিডিআরকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুরগির খামার গুলোতে সার্বক্ষণিক তদারকি এবং মুরগি স্থানান্তর বন্ধ রাখতে বলা হয়েছে।
পশুসম্পদ কর্মকর্তা দেবাশীষ ভট্টাচার্য জানান, গত ১৮ জানুয়ারি দিনাজপুর সদর উপজেলার রাজবাটী এলাকার মিহির ঘোষ, কাঁটাবাড়ী এলাকার তরিকুল ইসলাম এবং রাজারামপুর এলাকার শহিদ মিয়ার খামারে মুরগি মারা যায়। মৃত মুরগির নমুনা ঢাকায় পাঠানো হলে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে ওই তিন খামারের আড়াই হাজার মুরগি এবং সাড়ে ছয় হাজার ডিম ধ্বংস করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৬ ঘ.
bdnews24