ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি চালিত ট্যাক্সি ক্যাব ও অটোরিকশার 'রুট পারমিট'-এর মেয়াদ তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে যেসব ট্যাক্সি ক্যাব ও অটোরিকশার রুট পারমিটের মেয়াদ আট বছর অতিক্রান্ত হয়েছে সেগুলো আরও তিন বছর রাস্তায় চলাচল করতে পারবে।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যোগাযোগ উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সচিব ড. মাহবুবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং বাস-ট্রাক মালিক সমিতি ও ক্যাব মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় মালিক সমিতির পক্ষ থেকে ট্যাক্সি ক্যাবের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করা হয়। এক্ষেত্রে কালো ক্যাবের প্রাথমিক ভাড়া কমপক্ষে ৩০ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার ১২ টাকা এবং হলুদ ক্যাবের প্রাথমিক ভাড়া ৪০ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার ১৬ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়।
সভা শেষে উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের বলেন, "আট বছর মেয়াদ পার হওয়া ট্যাক্সি ক্যাবগুলো নতুন করে রুট পারমিট না পাওয়ায় বসে রয়েছে। এ অবস্থায় মালিকদের সুবিধার্থে রুট পারমিটের মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছে।"
মালিক সমিতির পক্ষ থেকে ক্যাবের ভাড়া দ্বিগুণ করার ব্যাপারে তিনি বলেন, "ক্যাবের ভাড়া সর্বশেষ নির্ধারণ করা হয়েছিল ১৯৯৮ সালে। এরপর আর ভাড়া পুনর্বিবেচনা করা হয়নি। তাই প্রস্তাবিত বিষয়টি সরকার বিবেচনা করে দেখবে। তবে আলাপ আলোচনার মাধ্যমে তা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এমএইচবি/০০১২ ঘ.
bdnews24