২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যুরিয়ার সার্ভিসের ডাকব্যবসা করার বৈধতা নেই: আকবর আলি

ক্যুরিয়ার সার্ভিসগুলোর ডাক ব্যবসা করার কোনো আইনি ভিত্তি নেই। রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়্যারম্যান আকবর আলি খান বলেছেন এ কথা। মঙ্গলবার আরআরসি কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বর্তমান পোস্ট অফিস আইন সংস্কারের উদ্যোগ নিয়েছি আমরা। এ ব্যাপারে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 06:01 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যুরিয়ার সার্ভিসগুলোর ডাক ব্যবসা করার কোনো আইনি ভিত্তি নেই। রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়্যারম্যান আকবর আলি খান বলেছেন এ কথা। মঙ্গলবার আরআরসি কার্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বর্তমান পোস্ট অফিস আইন সংস্কারের উদ্যোগ নিয়েছি আমরা। এ ব্যাপারে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে।" তিনি জানান, ১৮৯৮ সালের পোস্ট অফিস আইন অনুসারে, ক্যুরিয়ার সেবা প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি চিঠি বা ডক্যুমেন্টের জন্য ৫০০ টাকা জরিমানা করার বিধান রয়েছে। কিন্তু ১৯৮০ থেকে ক্যুরিয়ার সার্ভিসগুলোর যাত্রা শুরু করে এ পর্যন্ত বিনা বাধায় কার্যক্রম চালিয়ে আসছে। আর তাদের উন্নত সেবার সঙ্গে পাল্লা দিতে না পেরে সরকারি ডাক ব্যবস্থা বিপর্যয়ের কিনারায় পৌছে গেছে। আরআরসি তাই শত বছরের পুরনো ডাক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোকেও বৈধতা দেওয়ার। আরআরসি চেয়ারম্যান বলেন, "এ ব্যাপারে বর্তমান আইনে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। সরকার কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো থেকে কর আদায় করছে, কিন্তু আইনে এ ধরনের ব্যবসা পরিচালনার কোনো অনুমতি নেই।" এক সপ্তাহের মধ্যেই এ আইন সংস্কারের ব্যাপারে একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে বলে জানান তিনি। বৈঠকে আরআরসি আরো দুটো প্রস্তাব গ্রহণ করেছে। একটি হলো ভূমির নিবন্ধন ও রেকর্ড ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রস্তাব এবং বিনিয়োগ বোর্ডের পরিবর্তে বিনিয়োগ প্রস্তাব সরাসরি বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে ক্ষমতায়নের প্রস্তাব। বর্তমানে জমি রেকর্ডের কাজটি করে ভূমি মন্ত্রণালয় এবং নিবন্ধনের কাজটি আইন মন্ত্রণালয়ের অধীন। বোর্ড সদস্য ও আরসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এমএইচবি/২৩৫২ ঘ.