ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে বইমেলার কারণে বাংলা একাডেমীর মূল কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। একাডেমী প্রাঙ্গণ থেকে মেলা অন্য কোথাও সরিয়ে নেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রিয়াজুল বাশার।
সৈয়দ মোহাম্মদ শাহেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "একুশে বইমেলার কারণে বাংলা একাডেমীর মূল কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কেননা স্টল বরাদ্দ প্রক্রিয়ায় অনেক সময় ব্যয় করতে হচ্ছে আমাদের। এ সময় একাডেমীর মূল দায়িত্ব গবেষণা ও প্রকাশনার কাজ বাধাগ্রস্ত হচ্ছে।"
স্টল বরাদ্দের মত দায়িত্ব জাতীয় গ্রন্থ কেন্দ্র বা ওরকম কোন সংস্থাকে দেওয়ার পক্ষে মত দেন তিনি।
বইমেলাকে একাডেমীর আশপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, "মেলার পরিসর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলা একাডেমীর মধ্যে এর জন্য স্থান সংকুলান কঠিন হয়ে যাচ্ছে। আমি মনে করি একুশে বইমেলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যোনের মতো জায়গায় আরও বড় পরিসরে সরিয়ে নেওয়া যেতে পারে।"
তবে তিনি বলেন, "একুশে বইমেলার সঙ্গে বাংলা একাডেমীর সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই মেলার আয়োজনের দায়িত্ব একাডেমীর হাতেই রাখা যেতে পারে। কারণ এই দায়িত্ব অন্য কোনো সংস্থাকে দিলে মেলার ওপর খারাপ প্রভাব পড়তে পারে।"
একুশে বইমেলার সাজসজ্জার কাজ এবারই প্রথম বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। 'স্টেইপ মিডিয়া' নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এ দায়িত্ব পেয়েছে।
মহাপরিচালক বলেন, "ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান স্টেইপ মিডিয়া নিজেদের খরচেই মেলার স্টলগুলো তৈরি করছে। ওইসব স্টলে তারা বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন ব্যবহার করতে পারবে।"
তবে বাংলা একাডেমীর মর্যাদা ক্ষুণ
bdnews24