নেত্রকোনা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহনগঞ্জ উপজেলার ছেছড়াখালী বাজারে সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাশ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান , বাজারের ডা. সমীর সরকারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, আগুনে সারের গোদাম, কাপড়ের দোকান, ঔষধের ফার্মেসি, মেসিনারিজ স্টোরসহ সাতটি দোকান পুড়ে গেছে।
মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক হীরা জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। তবে নেত্রকোনা থেকে ঘটনাস্থলে যাওয়া দমকল কর্মী আলমগীর হোসেন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.
bdnews24