২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলনে পাঁচ বিষয়ে মতৈক্য

বগুড়ায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর তিন দিনের সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। দুই বাহিনীর (বিডিআর ও বিএসএফ) উপ-মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলনে উভয় পক্ষ পাঁচটি বিষয়ে মতৈক্যে পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 07:57 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

জিয়া শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বগুড়া, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর তিন দিনের সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। দুই বাহিনীর (বিডিআর ও বিএসএফ) উপ-মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলনে উভয় পক্ষ পাঁচটি বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। বিডিআর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদ হায়দার সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের বিষয়ে তথ্য আদান-প্রদান, দিনবেলায় আত্মরক্ষা ছাড়া গুলি না ছোড়া, জালনোট ও মাদক পাচার বন্ধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ রোধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে উভয় পক্ষে মতৈক্য হয়েছে। সম্মেলনের শেষ দিন মঙ্গলবার সকালে হোটেল নাজ-এ যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক শেষ হয়েছে। বিএসএফএর নর্থ ফ্রন্টিয়ারের আইজি আর এ তেওয়ারী বলেন, সীমান্তে দিনের বেলায় বিএসএফ আত্মরক্ষা ছাড়া গুলি ছুড়বে না। রাতের বেলায়ও সাবধানতা অবলম্বন করবে। বিডিআর ও বিএসএফের পারস্পরিক আস্থা বাড়াতে উভয়ের মধ্যে ফুটবল খেলার আয়োজনসহ নানা কর্মসূুচি গ্রহণ করা হবে বলে তিনি জানান। বিডিআরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমএ বারী বলেন, সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের বিষয়ে কিছু তথ্য দিয়েছে বিএসএফ। যা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। ভারত বলছে, এ সব বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশে লুকিয়ে আছে। বাংলাদেশে অপরাধ করে ভারতে লুকিয়ে থাকা ১৬২৬ জনের একটি তালিকা বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিডিআর উপ-মহাপরিচালক জানান। একইসঙ্গে তিনি বলেন, বিএসএফও ১০০০ জনের একটি তালিকা দিয়েছে। তাদের দাবি অনুযায়ী, ভারতীয় এ অপরাধীরা বাংলাদেশে লুকিয়ে রয়েছে। সীমান্ত সমস্যা নিয়ে আগামী ফেব্র"য়ারি মাসে ভারতের শিলংয়ে আরেকটি সম্মেলন হবে বলে সম্মেলনে জানানো হয়েছে। তিন দিনের এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে ১২ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারী। বিডিআরের রাজশাহী, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্টিয়ার সেক্টর কমান্ডাররাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। অন্যদিকে বিএসএফের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) আর এ তেওয়ারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৬ ঘ.