ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই রায় শুধু চার শিক্ষক ও ছাত্রের বিরুদ্ধে নয়, জাতির বিবেকের বিরুদ্ধে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাবির সাজাপ্রাপ্ত শিক্ষক ড. আনোয়ার হোসেন।
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড.আনোয়ার হোসেন বলেন, "এই রায় আমাদের চার শিক্ষক ও ছাত্রের বিরুদ্ধে নয়, সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই রায়। জাতির বিবেকের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা একটি মামলার রায়ে মঙ্গলবার সকালে কারাবন্দি চার শিক্ষকের মধ্যে ড. আনোয়ার হোসেন, ড. হারুন অর রশিদ ও ড. সদরুল আমিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে ড. নিমচন্দ্র ভৌমিক ও ১৫ শিক্ষার্থীর সবাইকে দেওয়া হয় বেকসুর খালাস।
এদিকে ড. আনোয়ার হোসেনের ছেলে সঞ্জীব হোসেন বলেছেন, তারা সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করবেন না।
তিনি বলেন, "যতদিন পর্যন্ত এই মামলার সবাই মুক্তি না পাবেন ততদিন আমার বাবা জেল থেকে বের হবেন না। আমার বাবা সরকারের কাছে কোনো ক্ষমাও প্রার্থনা করবেন না।"
তারা বাবা কোনো ভুল করেননি বলেও মন্তব্য করেন সঞ্জীব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১১৪৪ঘ.
bdnews24