ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় রোববার রাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে একটি স্বর্ণের বিষ্ণু মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া নাছির উদ্দিন (৩৫) ও আব্দুল মজিদ (৩৬) সংঙ্ঘবদ্ধ মূর্তি পাচারকারী দলের সদস্য বলে দাবি করেছে র্যাব।
র্যাব- ৩ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়দেবপুর থানা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র স্বর্ণের মূর্তি পাচারের জন্য অবস্থান করছে বলে রোববার তাদের কাছে খবর আসে। রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন ও আব্দুল মজিদকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে প্রায় এক কেজি ওজনের একটি স্বর্ণের বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।
মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24