ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্লোব-জনকণ্ঠ গ্র"পের চেয়ারম্যান আতিকুল্লাহ মাসুদসহ ৫ জনের বিরুদ্ধে কর ফাঁকির দুটি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
মামলা দুটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আদেশ জারি করা হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান আতিকুল্লাহ খান মাসুদের ছোট ভাই এম মিজানুর রহমান খানের দায়ের করা পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
রিটকারীর পক্ষে শুনানিতে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, "যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই মামলা দুটি করা হয়েছে। আয়কর প্রদানে অসঙ্গতি থাকলে প্রথমে নোটিশ দিতে হবে। সবশেষে মামলা দায়েরের প্রশ্ন আসে। কিন্তু এ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।"
এনবিআরের উপ কর কমিশনার আয়েশা সিদ্দীকা শেলী ও সৈয়দ জাকির হোসেন গত ৬ জানুয়ারি ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে কর ফাঁকির অভিযোগে দুটি মামলা দায়ের করেন।
আয়েশা সিদ্দীকার দায়ের করা মামলার আসামিরা হচ্ছেন গ্লোব কনস্ট্রাকশনস লিমিটেডের চেয়ারম্যান আতিক উল্লাহ খান মাসুদ, তার স্ত্রী শামীমা এ খান, দুই ছেলে মিশাল আতিক উল্লাহ খান, জিশাল আতিক উল্লাহ খান এবং গ্লোবের হিসাব নিরীক্ষাকারী দুটি প্রতিষ্ঠানের মালিক আতাউদ্দিন খান ও আবদুল খালেক। এদের মধ্যে হাইকোর্ট আতাউদ্দিনের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করতে আগেই আদেশ দিয়েছিল।
আয়েশ সিদ্দীকার মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পরের যোগসাজসে ১৯৯৯ থেকে ২০০৬ করবর্ষ পর্যন্ত গ্লোব কন্সট্রাকশন লিমিটেডের ৫ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ২৯ টাকার আয় গোপন করেছেন এবং ২ কোটি ৮ লাখ ১৪ হাজার ৪৫ টাকার কর ফাঁকি দিয়েছেন।
জাকির হোসেনের দায়ের করা মামলার আসামিরা হলেন আতিক উল্লাহ খান মাসুদ, তার স্ত্রী ও দুই ছেলে এবং গ্লোব কন্সট্রাকশনস লিমিটেড।
এতে অভিযোগ করা হয়েছে, আসামিরা ২০০২ এর ১ জুলাই থেকে ২০০৪ এর ৩০ জুন পর্যন্ত সময়ে বসুন্ধরা প্রকল্পের জন্য জমি কেনা বাবদ ৬ কোটি ২৩ লাখ ৫৪ হাজার টাকার বিনিয়োগ কর ফাঁকি দিয়েছেন।
আতিকুল্লাহ খান মাসুদ গ্রেপ্তার হন গত বছরের ৭ মার্চ। মামলার অন্য আসামিরা পলাতক।
৯ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত এই দুই মামলায় আতিকুল্লাহ খান মাসুদের স্ত্রী, তার দুই ছেলেসহ ৫ জনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।
এই আদেশের পর গত ২০ জানুয়ারি পুলিশ গ্লোব-জনকন্ঠ ভবনের কয়েকটি তলার মালামাল আটক ও সিলগালা করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এলএইচ/এএনএস/এমএইচবি/২১৪৭ ঘ.
bdnews24