চট্টগ্রাম, জানুয়ারি ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় টিভি মামলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের(চসিক) মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও অপর দুই আসামি সোমবার উপস্থিত করা হলেও সাক্ষ্য নেওয়া হয়নি। তাদের আইজীবীরা স্থগিতাদেশের বিষয়টি জানিয়ে আদালতে লিখিত আবেদন করায় বিচার কাজ হয়নি।
সোমবার এ মামলার সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য ছিল।
আগামী ২৮ জানুয়ারি বিচার কার্যক্রমের ওপর দেওয়া হাইকোর্টের স্থগিতাদেশের কপি জমা দিতে আসামিপক্ষের আইনজীবীদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান।
১৭ জানুয়ারি হাইকোর্ট এই মামলার বিচার কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত থাকলেও হাইকোর্ট বিচার কাজের ওপর তিনমাসের স্থগিতাদেশ জারি করায় সাক্ষ্য নেওয়া হয়নি।
এ মামলায় গত ১৫ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী হানিফুল ইসলামের সাক্ষ্য নেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশন গত বছরের ২৭ মে কোতয়ালী থানায় এ তিনজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। একই বছর ২১ নভেম্বর অভিযোগপত্র দাখিল এবং গত ১৩ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24