২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আটক মাদক ব্যবসায়ীর মৃত্যু, স্বজনদের অভিযোগ বিডিআরের পিটুনিতে মারা গেছে

ফেনীতে বিডিআরের অভিযানে আটক মাদক ব্যবসায়ী মো. কামাল উদ্দিন (২৫) সোমবার ভোর রাতে সদর হাসাপাতালে মারা গেছে। তার পরিবারের অভিযোগ বিডিআর সদস্যদের পিটুনিতে তিনি মারা গেছেন। তবে বিডিআরের পক্ষ থেকে মারধর করার অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, কামাল মাদকাসক্ত ও অসুস্থ ছিলেন। ভয় পেয়ে তিনি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ফেনী, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে বিডিআরের অভিযানে আটক মাদক ব্যবসায়ী মো. কামাল উদ্দিন (২৫) সোমবার ভোর রাতে সদর হাসাপাতালে মারা গেছে। তার পরিবারের অভিযোগ বিডিআর সদস্যদের পিটুনিতে তিনি মারা গেছেন। তবে বিডিআরের পক্ষ থেকে মারধর করার অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, কামাল মাদকাসক্ত ও অসুস্থ ছিলেন। ভয় পেয়ে তিনি মারা গেছেন। এলাকাবাসী ও বিডিআর সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে বিডিআরের একটি দল রোববার রাত ১২ টার দিকে শহরের বিরিঞ্চি এলাকার খন্দকার বাড়িতে অভিযান চালায়। তারা ওই বাড়ির লাতু মিয়ার ছেলে ও মো. কামাল উদ্দিনের ঘরে তল্লাশি চালিয়ে কিছু হেরোইন উদ্ধার করে। ফেনী রেলওয়ে স্টেশনে কামালের একটি পান দোকান ছিল। বিডিআর জানায়, তল্লাশির সময় কামাল হেরোইনের একটি প্যাকেট বালতির পানিতে ফেলে দেয়। আরও মাদকের সন্ধান দিতে বিডিআর সদস্যরা কামালকে জিজ্ঞাসাবাদ করে। পরে রাত ৩টার দিকে তাকে ফেনী সদর থানায় সোপর্দ করা হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সারোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামালকে সদর থানা পুলিশ রাত ৪ টার দিকে তাকে হাসাপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫ টার দিকে তিনি মারা যান। সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, কামালের দেহে আঘাতের চিহ্ন আছে। তার মরদেহ ফুলে উঠেছে। তার ভাই জামাল জানান, কামাল মাদক ব্যবসা করত না। বিডিআর সদস্যরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করে। তাকে রক্ষায় এগিয়ে এলে তার সহযোগী সহদেবপুর গ্রামের আবুল খায়েরকে (৩৫) পিটিয়ে আহত করা হয়। আহত আবুল খায়ের হাসপাতালে চিকিৎসাধীন বলেও তিনি জানান। বিডিআর জানায়, কামাল রেলওয়ে স্টেশনের পান দোকানি হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করত। অভিযানকালে তার ঘর থেকে দুই বোতল ফেনসিডিল, এক বোতল হুইস্কি ও এক বোতল রাম পাওয়া গেছে বলেও জানায় বিডিআর। ফেনীর ১৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নুরুল আলম পিটুনিতে কামালের মৃত্যু হওয়ার তার আত্মীয়দের অভিযোগ নাকচ করে দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানকালে কামাল ও আবুল খায়ের অসুস্থ ও মাদকাসক্ত ছিল। কামাল র্দীঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছে- একাধিকবার এ অভিযোগ পেয়ে বিডিআর অভিযান চালায় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫২ ঘ.