২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডিত চার ছাত্রের সাজা মওকুফের বিষয়টি সরকার বিবেচনা করবে: এম এ মতিন

স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় একটি মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক চার ছাত্রের সাজা মওকুফের বিষয়ে সরকার সতর্ক ও সচেষ্ট রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা মওকুফ করার চেষ্টা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় একটি মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক চার ছাত্রের সাজা মওকুফের বিষয়ে সরকার সতর্ক ও সচেষ্ট রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা মওকুফ করার চেষ্টা করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সম্পর্কিত এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেন, "একটি মামলায় আদালত আজ (সোমবার) চার শিক্ষক ও ১১ ছাত্রকে বেকসুর খালাস দিয়েছে। একই সঙ্গে চারজনকে দন্ডিত করেছে । যে চারজনকে দন্ডিত করা হয়েছে তাদের সাজা মওকুফের বিষয়েও সরকার সতর্ক ও সচেষ্ট রয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা মওকুফ করার চেষ্টা করা হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দী চার শিক্ষক ও ১১ জন ছাত্রকে বেকসুর খালাস দেওয়ার আদেশে সন্তোষ প্রকাশ করে এম এ মতিন বলেন, "আদালতের রায়ে আমি খুবই খুশি। আদালতের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা চেয়েছিলাম একটি সম্মানজনক সমাধান। আদালতের রায়ে তা প্রতিফিলিত হয়েছে।" এ মামলার রায়ের মধ্যে দিয়ে সরকার তাদের অবস্থান থেকে পিছিয়ে গেল কিনা এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "ব্যর্থতা বা কৃতকার্যতার প্রশ্ন নয়, আমরা একটি সম্মানজনক সমাধান চেয়েছি তা হয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলছে।" কারাবন্দী শিক্ষকদের হয়রানি বা নির্যাতনের যে অভিযোগ উঠেছে এ বিষয়ে প্রশ্ন করলে এম এ মতিন জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টা বক্তব্য দেবেন। রায় ঘোষণার পর ঢাবি ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ ও মিছিল না করে তাদেরকে আদালতের রায় মেনে নেওয়ার অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দী চার শিক্ষক ও ১১ জন ছাত্রকে বেকসুর খালাস দেয় ঢাকার মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী। পাশাপাশি পলাতক চার ছাত্রের প্রত্যেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত চার ছাত্র হলেন, সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, এইচ এস কামরুল হাসান কচি ও আজিজ হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৩৪১ ঘ.