ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমানউল্লাহ মোহাম্মদ আসাদের স্মরণে জাদুঘর নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে 'আসাদ সরণী জাদুঘর' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ ও তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমেদ।
জাদুঘরের নকশা প্রণয়ন করেছেন বুয়েটের শিক্ষক স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ ও অধ্যাপক ড. খান মাহমুদ আমানত।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ড. মাহবুব উল্লাহ, হায়দার আকবর খান রনো, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির নেতা মোস্তফা জামাল হায়দার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড. নিজামউদ্দিন সাংবাদিকদের জানান, প্রায় ১০ হাজার বর্গফুট আয়তনে তিনতলা জাদুঘরের নির্মাণ কাজ শেষ করতে ১৮ মাস সময় লাগবে। এতে ব্যয় হবে প্রায় আট কোটি টাকা।
তিনি জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে চাঁনখারপুল মোড়ের ওপর ভবনটি নির্মাণ করা হবে। ভবনের নিচে দ্বিতল বাস চলাচলের সমান উচ্চতার স্থান ফাঁকা রেখে ওপরে মূল ভবনের কাজ করা হবে।
মেয়র সাদেক হোসেন খোকা বলেন, "স্বাধীনতার পটভূমি রচনায় '৬৯ সালের গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওই ঘটনার ধারাবাহিকতায় আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল। গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়াই জাদুঘর নির্মাণের মূল উদ্দেশ্য।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ স্মৃতিচারণ করে বলেন, "২০ জানুয়ারি আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। এদিনে আসাদ এই সড়কেই শহীদ হন। বটতলার মিছিল শেষ করে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দিয়ে যাওয়ার সময় ঘাতকের বুলেট আসাদের বুকে বিদ্ধ হয়। খালেদ ও আমি তাকে হাসপাতালে নেয়ার সময় আমাদের হাতেই তিনি মারা যান।"
শহীদ আসাদের স্মৃতি রক্ষার উদ্যোগ নেওয়ায় ডিসিসি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৮১৭ ঘ.
bdnews24