চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে ২১ জানুয়ারি থেকে তিনদিনের আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র সমাজ।
ছাত্র-শিক্ষকদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতন বিরোধী ছাত্র সমাজের ডাকা দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে চবিতে এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ২১ জানুয়ারি কালো ব্যাজ ধারণ, ২২ জানুয়ারি মৌন মিছিল এবং ২৩ জানুয়ারি মানববন্ধন।
প্রতিবাদী ছাত্রসমাজের পক্ষে বাসুদেব নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২২ আগস্টের ঘটনায় চবির শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নৈতিক দায়বদ্ধতা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে আমরা এই কর্মসূচি দিয়েছি।"
ক্যাম্পাসের সকল শিক্ষার্থীই এই কর্মসূচিতে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24