ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রেতা, ভোক্তা, ব্যবসায়ী, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্য নিয়ে আগামী ২১ জানুয়ারি সোমবার প্রথমবারের মতো জাতীয় সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠেয় ওই জাতীয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলি খান।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় ক্যাবের সাধারণ সম্পাদক কাজী ফারুক সাংবাদিকদের এ তথ্য জানান।
কাজী ফারুক বলেন, ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন প্রণয়ন ও পাস নিয়ে গড়িমসি খুবই অনভিপ্রেত। কারণ ভোক্তার অধিকার সংরক্ষণে যুগোপযোগী আইন প্রণয়ন ও এর কঠোর বাস্তবায়ন ছাড়া আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছনো দুরূহ। তাই শিগগিরই আইনের খসড়া অনুমোদন, অধ্যাদেশ আকারে জারি এবং বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি আমরা।
সভায় জানানো হয়, সম্মেলনে ক্যাবের ৫২টি জেলা কমিটি এবং ঢাকার তিনটি আঞ্চলিক কমিটির প্রতিনিধিসহ মোট ৪০০ প্রতিনিধি অংশ নেবে। সম্মেলনের সুপারিশগুলো প্রতিবেদন আকারে সরকারের কাছে উপস্থাপন করা হবে।
কাজী ফারুক জানান, সম্মেলনে ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করা হবে।
ক্যাব সভাপতি বোরহান আহমেদ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯১৫ ঘ.
bdnews24