২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম আল দীনের নামে মুক্তমঞ্চর নামকরণের প্রস্তাব

একজন নাট্যকার হিসেবে সেলিম আল দীন কতটুকু জনপ্রিয় মৃত্যুর পর হাজার হাজার মানুষের শ্রদ্ধাই তা প্রমাণ করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন সম্মানপ্রাপ্তি বিরল। বৃহস্পতিবার জাবি শিক্ষক সমিতি আয়োজিত শোকসভায় বক্তারা একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2008, 06:35 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--একজন নাট্যকার হিসেবে সেলিম আল দীন কতটুকু জনপ্রিয় মৃত্যুর পর হাজার হাজার মানুষের শ্রদ্ধাই তা প্রমাণ করেছে। বাংলাদেশের ইতিহাসে এমন সম্মানপ্রাপ্তি বিরল। বৃহস্পতিবার জাবি শিক্ষক সমিতি আয়োজিত শোকসভায় বক্তারা একথা বলেন। সভায় সদ্যপ্রয়াত এ কৃতী নাট্যকারের স্মৃতিরক্ষার্থে তার নামে ক্যাম্পাসের 'মুক্তমঞ্চ'-র নামকরণের প্রস্তাব করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের সেমিনার কক্ষে শিক্ষক সমিতি এ শোকসভার আয়োজন করে। সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুব কবিরের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এতে বক্তব্য রাখেন। শোক সভার প্রথমেই সেলিম আল দীনের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, "সেলিম আল দীনের বিদায় অপূরণীয় ক্ষতি। দ্বিতীয় রবীন্দ্রনাথ ও নজরুল যেমন আর পাইনি, তেমনি দ্বিতীয় সেলিম আল দীন আমরা আর পাবো না।" ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক প্রফেসর মেসবাহ-উস-সালেহীন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চকে 'সেলিম আল দীন মুক্তমঞ্চ' নামকরণের প্রস্তাব দেন। এদিকে সেলিম আল দীনের স্মরণে তার কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ শনিবার থেকে ৭ দিনব্যাপী কর্মসূচী পালন করবে। প্রথম দিন শনিবার থাকবে বিভাগের সামনে স্মরণমঞ্চে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। প্রতিদিন থাকবে তাঁর লেখা ও নির্দেশিত নাটকের ভিডিও প্রদর্শনী, তাঁর লেখা গান পরিবেশন,নাটকের পোস্টার ও ভিডিও ফুটেজ প্রদর্শনী, তাঁর ওপর লেখা পত্রিকার কাটিং প্রদর্শনী প্রভৃতি। এছাড়া শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকাল ১১টায় অডিটোরিয়ামে শোক সভার আয়োজন করা হয়েছে। প্রতিনিধি/এসকে/০০১৫ঘ.