ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাখো মানুষের শ্রদ্ধা আর ভালবাসা নিয়ে চির বিদায় নিলেন সেলিম আল দীন। জাগতিক এ পৃথিবী তিনি ছেড়েছিলেন গত সোমবারই। বুধবার চিরশয়ান নিলেন প্রিয় ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
বুধবার সকালে প্রয়াত এই নাট্যকারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে শেষ শ্রদ্ধা জানাতে নামে হাজারো মানুষের ঢল। দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে শ্রদ্ধা নিবেদন এবং দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাহিত করা হয় শেকড়অন্বেষী এ নাট্যকারকে।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা পেশার হাজার হাজার মানুষ সেলিম আল দীনের প্রতি শেষ শ্রদ্ধা জানায়; ফুলে ফুলে ভরে ওঠে কফিন।
সকাল ৯টা ২৫ মিনিটে বারডেমের হিমঘর থেকে কফিন জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আনা হয়। সেখান থেকে বিশাল শব মিছিল নিয়ে সকাল ১০টা ৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে স্থাপিত মঞ্চে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় এই নাট্যকারের কফিন।
শব মিছিলে সহস্রাধিক নাট্যকর্মী ও ব্যক্তি অংশ নেয়। মিছিলের সামনেই ছিল বিশাল আকৃতির জাতীয় পতাকা। হাতে হাত ধরে কয়েকশ' নাট্যকর্মী সে পতাকা বহন করেন। তার ঠিক পেছনেই ছিল সেলিম আল দীনের কফিনবাহী অ্যাম্বুলেন্স।
শহীদ মিনারে সেলিম আল দীনের প্রতি প্রথম শ্রদ্ধা জানান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, হায়দার আকবর রনোসহ নেতৃবৃন্দ। এরপরই শ্রদ্ধা জানান কবি সৈয়দ শামসুল হক। কফিনের সামনে বিকছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
এরপর একে একে শ্রদ্ধা জানান তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক গণশিক্ষা ও মহিলা বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, গণতান্ত্রিক বাম মোর্চার খালেকুজ্জামান, সাইফুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, রামেন্দু মজুমদার।
প্রবীণ সাংবাদিক নির্মল সেন, অধ্যাপক রাজীব হুমায়ুন, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, আসাদুজ্জামান নূর, তারিক আনাম খান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইমদাদুল হক মিলনসহ নবীন-প্রবীণ অনেক নাট্য ব্যক্তিত্বকে উপস্থিত ছিলেন শহীদ মিনারে।
শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগ, আইন বিভাগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, সমর থিয়েটার, ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, ঢাকা পদাতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কবিতা পরিষদ, চট্টগ্রাম জোট থিয়েটার, মণিপুরী থিয়েটার, গ্র"প থিয়েটার ফেডারেশন, মহিলা পরিষদ, কর্মজীবী নারীসহ চিকিৎসক, আইনজীবী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ অসংখ্য ব্যক্তি।
উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমানের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রদ্ধা জানায় তাদের প্রয়াত শিক্ষকের প্রতি। নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা বহন করে প্রিয় শিক্ষক সেলিম আল দীনের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
শ্রদ্ধা নিবেদনের সময় কফিনের পাশে তার স্ত্রী বেগমজাদি মেহেরুন নেসা, ছোটভাই এহসানুল আজিজ বাবলু, ঘনিষ্ঠ বন্ধু নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সেলিম আল দীনের প্রথম জানাজা হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
দুপুর ২টা ৪০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেলিম আল দীনের মরদেহ গ্রহণ করেন উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান। এর পর মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাসায়। বাসায় কিছুক্ষণ রাখার পর সেলিম আল দীনের মরদেহ নিয়ে যাওয়া হয় তারই হতে গড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। সেখানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। এর পর শব মিছিল করে মরদেহ নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে। সেখানে ক্যাম্পাসবাসী তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
সন্ধ্যায় পৌনে ৬টার সময় কেন্দ্রীয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সমাহিত করা হয় সেলিম আল দীনকে; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য সৈয়দ আলী আহসান ও আফম কামালউদ্দিনের সমাধিস্থলের পাশে।
ভাই এহসানুল আজিজ, বন্ধু নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, ছাত্র শহীদুজ্জামান সেলিম, আফসার আহমেদ কবরে নামান সেলিম আল দীনের মরদেহ। উপস্থিত আত্মীয়-স্বজন, বন্ধু, ছাত্র-ছাত্রীরা অশ্র"নয়নে শেষ বিদায় জানায় তাকে।
গত সোমবার সেলিম আল দীন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। তিনি নানা রোগে ভুগছিলেন। একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননায় ভূষিত সেলিম আল দীন নাটককে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়বস্তু হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার হাতেই প্রথম নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীতে জন্ম নেওয়া কীর্তিমান এ পুরুষ মঞ্চ নাটকে নতুন ধারার সূচনা করেছিলেন।
আগামী ২১ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সেলিম আল দীন স্মরণে নাগরিক সভা হবে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগও সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এএল/জিএনএ/এমএ/এমআই/১৮৩০ ঘ.
bdnews24