চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় টিভির নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থ আত্মসাতের মামলায় মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম সোলায়মানের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক আবু মোহাম্মদ আরেফ সিদ্দিকী এবং মামলা নথিভুক্তকারী পুলিশ কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম।
সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে কারাবন্দি মেয়রসহ মামলার অপর দুই আসামি সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোখতার আলম ও বরখাস্তকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। এর পর বিচারক ১৬ জানুয়ারি (বুধবার) পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার মামলার ২৭ নম্বর সাক্ষী এবং দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের সাক্ষ্য নেওয়া হবে।
এ মামলায় মোট ৩০ জন সাক্ষী রয়েছেন।
গত বছরের ২৭ মে দুদক এ মামলা দায়ের করে। ২০০৭ সালের ২১ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৩ জানুয়ারি আদালতে অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24