শরীয়তপুর, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়া উপজেলা বাসস্ট্যান্ড থেকে সোমবার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে হিজবুত তাওহীদের ২৪টি বই, ৫টি সিডি ও ২০টি লিফলেট পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শাহানা (৫০) ও সুফিয়া (১৮)।
তাদের হিজবুত তাওহীদের সদস্য সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের কাছে নিষিদ্ধ সংগঠনের ২৪টি বই, পাঁচটি সিডি ও ২০টি লিফলেট পাওয়া গেছে। তারা ওই সংগঠনের সদস্য কিনা তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"
ওসি আরও জানান, গত কয়েকদিন ধরে নড়িয়ায় হিজবুত তাওহীদের লিফলেট বিলি করার অভিযোগ পাওয়া গেছে। কিন্তু কারা বিলি করছে, তা চিহ্নিত করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০১৪ ঘ.
bdnews24