ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সমাজসেবী মাসুমা আজিজকে রোববার বিকেলে দাফন করা হয়েছে। দীর্ঘদিন রোগভোগের পর শনিবার গভীর রাতে ঢাকার মনোয়ারা হাসপাতালে তিনি মারা যান।
আগামী বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।
মাসুমা আজিজের একমাত্র ছেলে সাংবাদিক শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি। এছাড়া মরহুমা তিন মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার সকালে মরহুমার প্রথম নামাজে জানাজা কাকরাইলের সার্কিট হাউজ মসজিদ ও দ্বিতীয় নামাজে জানাজা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর মাঠে অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মাসুমা আজিজের মৃত্যুতে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া, খোন্দকার দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতের মতিউর রহমান নিজামী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯১৭ঘ.
bdnews24