সাতক্ষীরা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার বিএনপি নেতা আলতাফ হত্যা মামলায় সাবেক সাংসদ ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
২০০৪ সালের ১৫ মে তালা উপজেলার পাটকেলঘাটা চৌরাস্তার মোড়ে জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম আলতাফ হোসেনকে দুর্বৃত্তরা বোমা মেরে হত্যা করে। আলতাফের সঙ্গী যুবদলকর্মী হাবিবুর রহমানও ওই হামলায় নিহত হয়।
ওই ঘটনায় আব্দুর রহমান নামে এক ব্যক্তি বাদি হয়ে ঘটনার দিনই মামলা দায়ের করে। তবে ওই মামলায় হাবিবুল ইসলামকে আসামি করা হয়নি। চার-পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামিকে করে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ রয়েছে, সাবেক সাংসদের প্রভাবে তখন ওইভাবে মামলাটি হয়েছিল।
সাড়ে তিন বছর পর রোববার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) সুখরঞ্জন সমাদ্দার সাতক্ষীরার বিচার বিভাগীয় অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নাসিম রেজার আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
কোর্ট পুলিশ কর্মকর্তা (জিআরও) নাসিরউদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা অভিযোপত্র জমা দেয়। আজ (রোববার) তা আদালতে দাখিল করা হয়েচে। একই মামলায় হত্যা ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে আলাদা দুটি অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে নাসির উদ্দিন জানান। দুটি অভিযোগপত্রেই ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে প্রকাশ সরকার নামে এক জন কারাগারে রয়েছেন। তিন জন জামিনে রয়েছেন। বাকি সবাই পলাতক।
পলাতক আসামিরা হলেন, জেলা বিএনপির সভাপতি এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম, তালা উপজেলা কৃষক দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, তালা উপজেলা যুবদল সভাপতি হাফিজুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাজু, উপজেলার গাছা গ্রামের বিশ্বপদ সরকার, টিকারামপুর গ্রামের আকসাদ আলী, ভারসা গ্রামের শহিদুল ইসলাম, লক্ষ্মণপুর গ্রামের আশরাফুল হক, খলিল নগর ইউপি চেয়ারম্যান ও তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক প্রণব ঘোষ বাবলু এবং তেঘরিয়া গ্রামের তুষার পাল।
জামিনে রয়েছেন যুগিপুকুরিয়া গ্রামের যুবদল নেতা বদরুজ্জামান, সেনপুর গ্রামের আবু হেনা আলম, কাশিপুর গ্রামের মোস্তফা ওরফে মন্টু এবং পুটিখালি গ্রামের দেবেন্দ্রনাথ বিশ্বাস।
এ মামলায় বেশ কয়েকবার তদন্ত কর্মকর্তা বদল হয়। প্রথমে তদন্তের দায়িত্ব পান সিআইডির পরিদর্শক মনিরুল ইসলাম। পরে পর্যায়ক্রমে মামলাটি তদন্তের দায়িত্ব পালন করেন সিআইডির পরিদর্শক দুর্গাপদ রায়, হরিপদ সরকার। সর্বশেষ সুখরঞ্জন সমাদ্দার মামলা তদন্তের দায়িত্বন পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০২ ঘ.
bdnews24