মুন্সীগঞ্জ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় একটি অটো রিকশা চুরমার হয়ে এক নারী ও তার শিশুপুত্র নিহত হয়েছে।
মেঘনা-গোমতী সেতুর কাছে রোববার সকাল ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভবেরচর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহিম।
নিহতরা হলেন, শিল্পী বেগম (২৮) ও তার ছেলে হৃদয় (৪)। দুর্ঘটনায় অটোরিকশা চালকও আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা জিল্লুর রহিম বলেন, মুন্সীগঞ্জের বাউশিয়া থেকে অটোরিকশাটি কুমিল্লার দাউদকান্দিতে যাচ্ছিল। পথে মেঘনা-গোমতি সেতুর কয়েকশ গজ আগে ঢাকা থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় অটোরিকশাটি চুরমার হয়ে আরোহী শিল্পী বেগম ও হৃদয় ঘটনাস্থলেই মারা যায় বলে জিল্লুর রহিম জানান।
আহত অটোরিকশাচালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বাসটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৯ ঘ.
bdnews24