ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চুক্তিপত্রের মেয়াদ শেষ হওয়ার পরও ভাড়া বাসা না ছাড়া এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে পদত্যাগী উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী ও তার স্বামী নাজিম কামরান চৌধুরীর বিরুদ্ধে পরপর দু'দিনে দু'টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গুলশানের একটি বাড়ির মালিক।
তবে নাজিম কামরান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ওই জিডির অভিযোগ সম্পূূর্ণ মিথ্যা।
গত ২০০২ সালের ১ অক্টোবর গীতিআরা সাফিয়া চৌধুরী ও নাজিম কামরান চৌধুরীর মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান অ্যাডকম, মেগাভিশন ও সাইনেজের জন্য গুলশান ২ এর ৪১ নম্বর সড়কের ৭/এ বাড়ির বাড়িটি ভাড়া নেওয়া হয়। বাড়িটির মালিক যুক্তরাষ্ট্রের সেইন্ট ফ্রান্সিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহাবুবুল ইসলাম ও তার স্ত্রী ফারহানা ইসলামের অভিযোগ, ভাড়ার চুক্তিপত্রে মেয়াদ ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকলেও এর পরও তারা বাড়ি ছাড়েননি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর ২টার দিকে ফারহানা ইসলাম নাজিম কামরান চৌধুরী ও গীতিআরা চৌধুরীর বিরুদ্ধে জিডি করেন। এতে অভিযোগ করা হয় অভিযুক্ত দু'জন তার বাড়ি জবর দখল করে রয়েছেন এবং শনিবার সকালে দরজা ভেঙে অনুপ্রবেশ করেছেন। তারা বাসা না ছেড়ে মালিকপক্ষকে ভয়-ভীতি এবং হুমকিও দিয়ে যাচ্ছেন।
চুক্তির মেয়াদ শেষের পরও বাড়ি না ছাড়া ও ভয়-ভীতি দেখানোর অভিযোগে ফারহানা ইসলাম শুক্রবারও একটি জিডি করেন।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে মালিকপক্ষ বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। পরে ভাড়াটেরা সে তালা ভেঙে ভেতরে ঢোকে।
এর আগে চুক্তি শেষ হওয়ার পরও ভাড়া করা বাড়ি না ছাড়ার অভিযোগে ১০ জানুয়ারি (বৃহস্পতিবার) গীতিআরা সাফিয়া চৌধুরী ও নাজিম কামরান চৌধুরীর মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান ও গ্র"প ফোর সিকিউরিকর এর বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেন ফারহানা ইসলাম। এসব মামলায় দখল-পুনরুদ্ধার ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে নাজিম কামরান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা (জিডি) পুরোপুরি মিথ্যা অভিযোগ। উনি বাসার মালিক হতে পারেন, কিন্তু এটা আমার অফিস। মালিক হলেও উনি আমার অফিসে আসতে পারেন না। ভবনটি আমরা ভাড়া নিয়ে আইনগতভাবে এখানে অবস্থান করছি। আদালত আমাদের এখানে থাকার অনুমতি দিয়েছেন। আমরা রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দিচ্ছি। রেন্ট কন্ট্রোল আইন অনুযায়ী সব সুবিধা ভোগ করার অধিকার আমাদের রয়েছে। এ আইন অনুযায়ী আমরা এখানেই থাকতে পারবো যতদিন না কোর্ট অন্যকিছু বলে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২৩১ঘ.
bdnews24