২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতার পর পোশাক শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার

বেতন-ভাতা বৃদ্ধি ও ওভারটাইম দেওয়াসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শ্যাওড়াপাড়ায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা শনিবারও বিক্ষোভ করেছে। পরে শ্রমিক প্রতিনিধি ও বিজিএমইএর সঙ্গে বৈঠক করে মালিকপক্ষ বেশ কিছু দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে বিক্ষোভ শুরুর প্রায় ১২ ঘন্টা পর রাত নয়টার দিকে আন্দোলনরত শ্রমিকরা এলাকা ত্যাগ করে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতন-ভাতা বৃদ্ধি ও ওভারটাইম দেওয়াসহ বিভিন্ন দাবিতে রাজধানীর শ্যাওড়াপাড়ায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা শনিবারও বিক্ষোভ করেছে। পরে শ্রমিক প্রতিনিধি ও বিজিএমইএর সঙ্গে বৈঠক করে মালিকপক্ষ বেশ কিছু দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে বিক্ষোভ শুরুর প্রায় ১২ ঘন্টা পর রাত নয়টার দিকে আন্দোলনরত শ্রমিকরা এলাকা ত্যাগ করে। (আরো তথ্যসহ) বৈঠকে অংশ নেওয়া শ্রমিক নেতা দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "মালিকপক্ষ আমাদের দাবি মেনে নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমার আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করছি।" বিজিএমইএ'র পরিচালক সহিদুল হক মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা দিনের অক্লান্ত পরিশ্রমের পর মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা করে দিতে পেরে হালকা লাগছে। আশা করছি এ ধরনের ঘটনা আর ঘটবে না।" শ্রমিকরা কর্মসূচি প্রত্যাহার করার পর রাত সাড়ে নয়টার দিকে রোকেয়া সরণিতে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে সকাল ৮টার দিকে শ্যাওড়াপাড়া এলাকার আউটওয়্যার লিমিটেড, আউট রাইট লিমিটেড ও আউটফিট ইউনিট-২ এর কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা রোকেয়া সরণিতে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় শ্রমিকদের উপস্থিতিও বাড়তে থাকে। সন্ধ্যার দিকে আশপাশের অন্য পোশাক কারখানা থেকে কর্মীরা এসে আন্দোলনে যোগ দিলে শ্যাওড়াপাড়া এলাকা দৃশ্যত শ্রমিকদের দখলে চলে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সাত দিন আগে তারা বিভিন্ন দাবির কথা জানিয়ে মালিকপক্ষকে চরমপত্র দিয়েছিল। কর্তৃপক্ষ তা 'কানে না তোলায়' তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন। এদিকে সকাল থেকেই রোকেয়া সরণিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মিরপুর-১০ থেকে শুরু করে আগারগাঁও এলাকার অফিসমুখী লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়। রোকেয়া সরণি বন্ধ থাকায় ওই পথের সব গাড়ি আগারগাঁও দিয়ে শ্যামলীর দিকে পাঠিয়ে দেওয়া হয়। ফলে কল্যাণপুর থেকে শুরু করে কলেজ গেট পর্যন্ত এলাকায় সারাদিনই তীব্র যানজট লেগে থাকে। শ্যাওড়াপাড়াসহ আশেপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও শ্রমিকদের কর্মসূচিতে তাদের বাধা দিতে দেখা যায়নি। বিকেলের দিকে মিরপুর যৌথবাহিনী ক্যাম্পে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকদের পক্ষ থেকে ২৭ সদস্যের একটি দল বিজিএমইএ ভবনে মালিকপক্ষ ও বিজিএমইএ'র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে। পুলিশ, সেনা কর্মকর্তা ও বিজিএমইএ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর প্রতিমাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে বেতন ও ১৫ কর্মদিবসের মধ্যে ওভারটাইম ভাতা পরিশোধ, সাপ্তাহিক ছুটি ও মাতৃত্বকালীন সুবিধাসহ শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নেয় মালিকপক্ষ। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে বলা হয়, পরবর্তীতে যে কোনো প্রকার দাবি-দাওয়া আদায়ের জন্য রাস্তাঘাট অবরোধ, জনসাধারণের চলাচলে বিঘ