বরিশাল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল আহসান হিমুকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে আগরপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করেছে এলাকাবাসী।
গত বুধবার রাজধানীর বাড্ডা থেকে হিমুকে আটক করে র্যাব। শনিবার সকালে তাকে বাবুগঞ্জ থানায় সোপর্দ করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হায়দার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান।
স্থানীয়রা জানায়, হিমুকে এলাকায় এনে ক্রসফায়ারে মেরে ফেলা হবে- এ গুজব ছড়িয়ে পড়লে হিমুর অনুসারীসহ স্থানীয় লোকজন শুক্রবার রাতে আগরপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, ওই সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটাও করে।
তবে পুলিশ ফাঁড়ি ঘেরাওয়ের কথা নাকচ করে দিয়ে ওসি আলী হায়দার বলেন, "হিমুর বিষয়ে জানতে কয়েকজন আগরপুর ক্যাম্পে এসেছিল। ঘেরাওয়ের কোনো ঘটনা ঘটেনি। ভোরে র্যাব সদস্যরা হিমুকে থানায় সোপর্দ করার পর ক্যাম্পের সামনে অবস্থানকারীরা যার যার বাড়িতে ফিরে যায়।"
লাঠিপেটার অভিযোগও অস্বীকার করেন তিনি। ওসি বলেন, "শনিবার ভোরে র্যাব-৮ এর একটি দল হিমুকে থানায় সোপর্দ করেছে। তবে কোনও মামলা হয়নি।"
তবে হিমুকে সর্বহারা জিয়া গ্র"পের আঞ্চলিক নেতা দাবি করে ওসি আরও বলেন, তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তবে সে মামলাগুলোয় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭১৩ ঘ.
bdnews24