২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ লেনদেনের সময় গ্রেপ্তার সওজ'র আট কর্মকর্তা কারাগারে

ঘুষ লেনদেনের সময় গ্রেপ্তার সড়ক ও জনপথ বিভাগের সাত প্রকৌশলীসহ আট কর্মকর্তাকে শুক্রবার কারাগারে পাঠিয়েছে আদালত। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সেতুর টোল আদায়ের এক ইজারাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ধানমন্ডির একটি ফাস্টফুডের দোকানে বসে ঘুষের টাকা ভাগাভাগির সময় বুধবার যৌথবাহিনী ওই আট জনকে গ্রেপ্তার করে। পরদিন তাদের ধানমণ্ডি থানায় তুলে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ লেনদেনের সময় গ্রেপ্তার সড়ক ও জনপথ বিভাগের সাত প্রকৌশলীসহ আট কর্মকর্তাকে শুক্রবার কারাগারে পাঠিয়েছে আদালত। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সেতুর টোল আদায়ের এক ইজারাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে পুলিশ জানায়। ধানমন্ডির একটি ফাস্টফুডের দোকানে বসে ঘুষের টাকা ভাগাভাগির সময় বুধবার যৌথবাহিনী ওই আট জনকে গ্রেপ্তার করে। পরদিন তাদের ধানমণ্ডি থানায় তুলে দেওয়া হয়। ঘুষ দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে এশিয়ান ট্রাফিক টেকনোলজিস্ট লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক মো. মেহবুব কবির বৃহস্পতিবার ধানমন্ডি থানায় একটি মামলা করেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন সেতুতে ইজারার মাধ্যমে টোল আদায় করতো। ওই মামলায় শুক্রবার আট কর্মকর্তাকে ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ শাহিন উদ্দিনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মো. গিয়াস উদ্দিন রিমান্ডের আবেদন না জানানোয় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান কারাগারে আসামিদের ডিভিশন ও তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার আবেদন জানালে হাকিম শাহিন উদ্দিন কারাবিধি অনুসারে তাদের ডিভিশন দেওয়ার নির্দেশ দেন। সওজ'র ওই কর্মকর্তারা হলেন, বিভাগের ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্লক ম্যানেজমেন্ট) মমিনুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (কুমিল্লা) রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (যমুনা সেতু) আব্দুল্লাহ হেল কাফি, নির্বাহী প্রকৌশলী আলী মাসুদ হায়দার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএইচএম মাইনুল ইসলাম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপস কুমার ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মমতাজউদ্দীন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা টোল আদায়ের ইজারার লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে বাদির কাছে ১৪ লাখ টাকা ঘুষ দাবি করে। টাকা না দিলে টোল আদায়ে অনিয়ম ও দুর্নীতির কথা বলে গোপন প্রতিবেদন দাখিল করারও হুমকি দেয়। অভিযুক্তরা বাদিকে ভয়ভীতি দেখানো এবং ঘুষ নেওয়ার অভিযোগ স্বীকার করেছে। মামলার এজাহারে বলা হয়, আসামিদের হুমকির মুখে গত বৃহস্পতিবার বাদি ১৪ লাখ টাকা নিয়ে ধানমন্ডির সাত মসজিদ রোডের পিৎজা কর্নারে উপস্থিত হন। ওই টাকা অভিযুক্তরা গ্রহণ করে। নিজেদের মধ্যে টাকা ভাগাভাগির সময় যৌথবাহিনীর সদস্যরা ওই আট জনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/জিএনএ/১৮৩৫ ঘ.