২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়ে চলেছে ভোজ্য তেলের দাম, ঢাকায় চালের দাম কমেনি

ঢাকা ও চট্টগ্রামের বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে চলেছে। ঢাকার বাজারে সয়াবিন তেলের দাম গত এক সপ্তাহে বেড়েছে ১০ টাকা। চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে কেজি প্রতি চাল এক থেকে দুই টাকা কমলেও ঢাকার খুচরা বাজারে চালের দাম কমেনি। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম দুই থেকে পাঁচ টাকা কমেছে। ঢাকা ও চট্টগ্রামের বাজার ঘুরে জানাচ্ছেন প্রদীপ চৌধুরী ও মিন্টু চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামের বাজারে ভোজ্য তেলের দাম বেড়ে চলেছে। ঢাকার বাজারে সয়াবিন তেলের দাম গত এক সপ্তাহে বেড়েছে ১০ টাকা। চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে কেজি প্রতি চাল এক থেকে দুই টাকা কমলেও ঢাকার খুচরা বাজারে চালের দাম কমেনি। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম দুই থেকে পাঁচ টাকা কমেছে। ঢাকা ও চট্টগ্রামের বাজার ঘুরে জানাচ্ছেন প্রদীপ চৌধুরী ও মিন্টু চৌধুরী। ঢাকার বাজারে ভোজ্য তেলের দাম আরও একদফা বেড়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে এক লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ১২০ টাকায়। বুধবার থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু হলেও খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। চালের দাম আগের দামেই স্থির রয়েছে, তবে শাক-সবজির দাম কমেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, পলাশী কাঁচাবাজার, মোহাম্মদপুরের টাউন হল ও কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, বিভিন্ন কোম্পানির ৫০০ ও ৯০০ মিলিলিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৬০ ও ১১০ টাকায়। এ হিসেবে প্রতিলিটার সয়াবিনের দাম পড়ে ১২০ টাকা। তবে বিডিআরের ন্যায্যমূল্যের দোকানগুলোতে সয়াবিন তেলের লিটার ৮৪ টাকা, দুই লিটারের বোতল ১৭৬ টাকা ও পাঁচ লিটারের বোতল ৪৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মোহাম্মদপুরের কৃষি মার্কেটে তেল কিনতে এসে ক্ষোভ প্রকাশ করলেন ট্যাক্সি ড্রাইভার আবুল কালাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সরকার ক্ষমতায় আইসা তেলের দাম বাড়ার লিগা সিন্ডিকেটরে দায়ী করছিলো। কিন্তু এখন তেলের দাম বাড়াইতেছে কারা? যে অবস্থা দাঁড়াইছে তাতে তো তেল ছাড়াই খাইতে হইবো।" তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়া জানাতে গিয়ে চাকুরিজীবী নুরুল ইসলাম বলেন, "এই সরকারের ক্ষমতা নেওয়ার এক বছর পরও আমাদের ১২০ টাকা লিটার তেল, ৪৮ টাকা কেজি চাল আর ৯০ টাকা কেজি ডাল খেতে হচ্ছে।" ডিলারদের মাধ্যমে খোলা বাজারে ২৫ টাকা কেজি চাল বিক্রির কারণে বিডিআরের ন্যায্যমূল্যের দোকানে চাল নিতে আসা মানুষের ভিড় নেই বললেই চলে। শুক্রবার এসব দোকানে খুব সহজেই চাল কিনতে পেরেছে ক্রেতারা। তবে বাইরের দোকানগুলোতে প্রতি কেজি মিনিকেট সরু চাল বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৬ টাকায়। সাধারণ মিনিকেট ৪০ টাকা। নাজিরশাইল চাল পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৪৪ টাকায়। দিনাজপুরের নাজিরশাইল ৪৩ থেকে ৪৪ টাকা এবং বিআর-২৮ ও লতা-২৮ বিক্রি হচ্ছে ৩৯ থেকে ৪০ টাকায়। এছাড়া পারি ৩৩ থেকে ৩৫ ও পাইজাম ৩৪ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে সবচেয়ে কম দামে মোটা চাল হিসেবে পরিচিত ইরি গুটি ৩৩ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগেও এসব বাজারে চালের দাম এমনই ছিলো। শুক্রবার কারওয়ান বাজারে চাল কিনতে আসা জহুরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চালের দাম কমছে টেলিভিশন আর সংবাদপত্রে। বাজারে চালের দাম যেমন ছিল তেমনই আছে। ভবিষ্যতে কমবো কিনা সেই ব্যাপারেও সন্দেহ আছে।" বিডিআর এর বিক্রয় কেন্দ্রে আটা প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে ৪১ থেকে ৪৪ টাকা দামে বিক্রি হয়। চাল-তেলের দাম বাড়লেও খুচরা বাজারে গত সপ্তাহের তুলনায় শাক-সবজির দাম দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার প্রতি কেজি সিম ১৪ টাকা, কাঁচামরিচ ৩২ টাকা, আলু ১৪ টাকা, পাকা টমেটো ১৮ টাকা, মূলা ৬ টাকা, গাজর ১৪ টাকা, পেঁপে ১০ টাকা, শালগম ৬ টাকা, গোল বেগুন ১৮ টাকা, লম্বা বেগুন ১৪ টাকা, করলা ১৮ টাকা, বরবটি ২০ টাকা ও কাঁচা টমেটো ৮ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া প্রতিটি ফুলকপি ১২ টাকা, বাঁধাকপি ১০ টাকা ও লাউ ১৮ থেকে ২০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। বাজারগুলোতে এক আঁটি লালশাক ৩ টাকা, পালং শাক ৩ টাকা, ডাঁটাশাক ২ টাকা ও মাঝারি আকারের ডাটা বিক্রি হয়েছে ৪ টাকা আঁটি দরে। পলাশী কাঁচাবাজারের ক্রেতা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমগো কপাল ভালো যে শাকসবজির দাম কম। নইলে সাধারণ মানুষগো একবেলা খাইয়া দিন কাটাইতে হইতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস জানায়, তিন দিনের ব্যবধানে চট্টগ্রামের খুচরা বাজারে চালের দাম মানভেদে প্রতি কেজিতে এক থেকে দুই টাকা কমেছে। তবে বেড়ে যাওয়া সয়াবিন ও আটা ময়দার দাম আগের মতোই আছে। নগরীর রেয়াজুদ্দিন বাজারে চাল কিনতে আসা বেসরকারি চাকরিজীবী সরওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের অনেক পদক্ষেপ দেশের জন্য মঙ্গলজনক হলেও প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তারা পুরোপুরি ব্যর্থ।" তিনি বলেন, "পত্রিকায় প্রকাশিত চালের পাইকারি দামের সঙ্গে খুচরা দামের অনেক পার্থক্য। বাজার নিয়ন্ত্রণে সরকারের আরো কঠোর হওয়া উচিত।" গত এক সপ্তাহে ভারত থেকে চাল আমদানি এবং বুধবার থেকে খোলা বাজারে চাল বিক্রি শুরু হওয়ায় খুচরা বাজারে দাম কমেছে বলে দোকানিরা জানালেন। শুক্রবার সকালে নগরীর রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজার ঘুরে দেখা গেছে, তিনদিনের ব্যবধানে ভারতীয় বেতি চাল প্রতি কেজিতে এক টাকা কমে ৩১ টাকা, পারি আতপ দুই টাকা কমে ৩২ টাকা, মিনিকেট দুই টাকা কমে ৩৩ টাকায়, পারি সিদ্ধ এক টাকা কমে ৩২ টাকা, বালাম সিদ্ধ দুই টাকা কমে ৩১ টাকায় বিক্রি হয়। এছাড়া জিরাশাইল ৩৪ টাকা, মিনিকেট সিদ্ধ ৩৪ টাকায় বিক্রি হয়েছে। চালের দাম কমলেও খুচরা বাজারে বিক্রি কম বলে জানালেন রেয়াজুদ্দিন বাজারের চাল বিক্রেতা কামাল মিয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাম বাড়তির সময় অধিক পরিমাণে চাল সংরক্ষণ করায় ক্ষতির দিক চিন্তা করে খুচরা বাজারে দাম কমেনি।" বাজার ঘুরে দেখা গেছে, খোলা ও প্যাকেটজাত সয়াবিন তেল, গুঁড়ো দুধ, আটা ও ময়দা সাতদিন আগের দামেই বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন তেল ৯৬ টাকা, ৯০০ মিলি'র জার কোম্পানিভেদে ৯৬ থেকে ৯৮ টাকা, এক লিটারের জার ১০০ টাকা, ৫ লিটারের জার ৪৮৫ থেকে ৪৯০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি পাম অয়েল চার টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৪ টাকায়। গুড়ো দুধের ক্ষেত্রে 'ডানো' প্রতি কেজি ৫০০ টাকা, 'মার্কস' ৪৯০, 'ডিপ্লোমা' ৫১০ ও 'কোয়ালিটি' ৪৯৫ টাকায় বিক্রি হয়। এছাড়া প্রতি কেজি আটা ৩৭ থেকে ৩৯ টাকা ও ময়দা ৪১ থেকে ৪৩ টাকায় বিক্রি হচ্ছে। চট্টগ্রামসহ অন্যান্য স্থান থেকে সবজির সরবরাহ বাড়ায় দাম ছিল কমতির দিকে। বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু প্রতি কেজি ১৪ টাকা, টমেটো মানভেদে ১৬ থেকে ১৮ টাকা, বেগুন ১২ থেকে ১৪ টাকা, ফুলকপি ১৪ থেকে ১৬ টাকা, বাঁধাকপি ৮ টাকা, মুলা ৮ টাকা, শালগম ১২ থেকে ১৪টাকা, শিম মানভেদে ১৪ থেকে ১৬ টাকা, করলা ২৫ টাকা, বরবটি ২৮ টাকা, পেঁপে ১০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া কাঁচামরিচ প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমসি/আরএআর/টিএইচ/এমএআর/এমএ/১৮০৫ ঘ.