ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১১ (বিডিনিউজ(টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কেম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ের অধীন হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রে উৎপাদন শুরু হয়েছে। হবিগঞ্জ-১১ নামের নতুন এই কূপ থেকে প্রতিদিন ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হবে। শুক্রবার থেকে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার কুপটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন জ্বালানী সচিব মোহাম্মদ মহসিন। এ সময় পেট্রোবংলার চেয়ারম্যান জালাল আহম্মেদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হবিগঞ্জে ২টি গ্যাস জোনের অস্তিত্ব পাওয়া গেলেও এর আগে ১০টি কূপ খনন করে গ্যাস পাওয়া যায়নি।
তিনি জানান, এই প্রথম বিদেশি কোন প্রতিষ্ঠানের সহায়তা ছাড়া কূপটি খনন ও গ্যাস উৎপাদন হল। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) নিজস্ব জনবলের সাহার্যে কুপের লোয়ার জোন থেকে গ্যাস উৎপাদন করছে।
মজিবুর রহমান আরও জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় বিজিএফসিএল এর নিজস্ব অর্থায়নে ৮৩ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ ও নরসিংদী গ্যাস ক্ষেত্রে নতুন কুপ খনন প্রকল্পটি হাতে নেওয়া হয়। এ প্রকল্পের আওতায় গত ২০০৭ সালের ২ আগষ্ট কুপের খনন কাজ শুরু হয়।
তিনি জানান, এই ক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাস প্রক্রিয়াজাতকরণের জন্যে প্রায় এক কিলোমিটার দীর্ঘ গ্যাস গ্যাদারিং পাইপলাইন নির্মাণকাজ এর মধ্যে শেষ হয়েছে। বিজিএফসিএল এর প্ল্যান্টে গ্যাস প্রক্রিয়াজাতকরণ করা হবে। নতুন কোন গ্যাস প্রসেস প্ল্যান্টে লাগবে না। ফলে বিপুল পরিমাণ বৈদিশিক মুদ্রার সাশ্রয় হবে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড বিজিএফসিএল এর নিয়ন্ত্রণাধীন তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, নরসিংদী ও মেঘনা এই পাঁচটি গ্যাস ক্ষেত্রের ৩১টি কূপে দৈনিক ৭শ ৫১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের ক্ষমতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫২ ঘ.
bdnews24