২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসদুপায়ে পণ্যমূল্য বাড়াবেন না: ব্যবসায়ীদের প্রতি সেনাপ্রধান

অসদুপায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারকে সহায়তা করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 07:12 AM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসদুপায়ের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারকে সহায়তা করার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার সেনা সদর দপ্তরের অফিসার্স মেসে ঘূর্ণিঝড় দুর্গতদের সহায়তায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কাছ থেকে ত্রাণ নেওয়ার সময় সেনাপ্রধান বলেন, "কিছুদিন আগে দেশে হঠাৎ করে চালের দাম বেড়ে যায়। তবে সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই দাম সহনীয় পর্যায়ে আসে। বিভিন্ন জেলায় চালের দাম প্রতি কেজি ৩৬ টাকা থেকে ২৭ টাকায় নেমে এসেছে। ঢাকায়ও এ ধারা শুরু হয়েছে।" সেনাপ্রধান বলেন, "জনগণই দেশের সরকার। এ মুহূর্তে সবার প্রধান দায়িত্ব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে সহায়তা করা।" চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কোনও ধরনের অসদুপায় অবলম্বন না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেনারেল মইন। ঘূর্ণিদুর্গত এলাকায় পুনর্বাসন কাজ পুরোদমে চলছে জানিয়ে মইন উ আহমেদ বলেন, "দুর্গত এলাকায় জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এসেছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় এটা সম্ভব হয়েছে।" এ পর্যন্ত সেনাপ্রধানের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষে ২৩ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। যার ১৬ কোটি টাকা দুর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া দুর্গত এলাকার এসএসসি পরীক্ষার্থীদের বইও দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সেনাপ্রধানের কাছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মোট এক কোটি ২০ লাখ ৪৭ হাজার ৬৩৯ টাকা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০৮ ঘ.