ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ক্লাবের সদ্য সাবেক সভাপতি সেলিম ভুঁইয়াকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন টাস্কফোর্স। তাকে নাইকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, রাত ৯টার দিকে টাস্কফোর্সের সদস্যরা সেলিম ভুঁইয়াকে তাদের হাতে হস্তান্তর করে।
গুলশান থানার উপ পরিদর্শক আব্দুর রশীদ জানান, সেলিম ভুঁইয়াকে তেজগাঁ থানার নাইকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করে।
এদিকে কমিশনের সহকারী পরিচালক সাহিদুর রহমান বৃহস্পতিবার গুলশান থানায় দায়ের করা একটি সাধারণ ডায়রিতে (জিডি) জানিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে এর সঙ্গে সেলিম ভুঁইয়ার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
সেলিম ভুঁইয়া ওই মামলার এজাহারভুক্ত আসামি নন।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে গুলশান ২ এর ল্যান্ডমার্ক ভবন থেকে সেলিম ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয় বলে ওই জিডিতে উল্লেখ করা হয়।
উপ পরিদর্শক আব্দুর রশীদ জানান, ওই জিডির পরিপ্রেক্ষিতেই সেলিম ভুঁইয়াকে নাইকো মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে গত ৯ ডিসেম্বর খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে তেজগাঁ থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাটির নম্বর ১৯। আর খালেদা জিয়ার মামলাটির নম্বর ২০।
সেলিম ভুঁইয়া একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও কমার্শিয়াল কমিটির ভাইস চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/জিএমএ/জেকে/২৩১৩ ঘ.
bdnews24